সুরক্ষা পর্যবেক্ষণের আগে ১০ বগির একটি ট্রেন ১২০ কিমি প্রতি ঘণ্টা বেগে বিলোনিয়া-সাব্রুম লাইনে চালানো হয়েছে
কে আর সি টাইমস ডেস্ক
বিলোনিয়া-সাব্রুম লাইনে দ্বিতীয় দফায় সুরক্ষা পর্যবেক্ষণ সম্পন্ন হয়েছে ৷ সিসিআরএস শৈলেশ কুমার পাঠক মঙ্গলবার সুরক্ষা পর্যবেক্ষণ করেছেন ৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ইতিপূর্বেই ঘোষণা করেছেন, পূজোর আগেই সাব্রুম লাইনে ছুটবে ট্রেন ৷ এমন-কি সাব্রুম পর্যন্ত ডেমু ট্রেনেরও অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক ৷ উত্তরপূর্ব সীমান্ত রেলের নির্মাণ শাখা ওই লাইনে সমস্ত ত্রুটি নিখুঁতভাবে সারাই করেছে৷
সুরক্ষা পর্যবেক্ষণের আগে ১০ বগির একটি ট্রেন ১২০ কিমি প্রতি ঘণ্টা বেগে বিলোনিয়া-সাব্রুম লাইনে চালানো হয়েছে ৷ সকালে বিশেষ ট্রেনে আগরতলা থেকে সপার্ষদ বিলোনিয়া পৌঁছেন সিসিআরএস শৈলেশ কুমার পাঠক৷ সেখানে পুজো দিয়ে সাব্রুম লাইনে সুরক্ষা পর্যবেক্ষণ শুরু করেন তিনি৷ তাঁর সাথে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে এবং পূর্ব রেলওয়ের আধিকারিকরা সুরক্ষা পর্যবেক্ষণে সঙ্গ দিয়েছেন৷
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পদস্থ আধিকারিক জানিয়েছেন, প্রথমে বিলোনিয়া জুলাইবাড়ি পর্যন্ত রেল লাইন পর্যবেক্ষণ করেন সিসিআরএস৷ রেল লাইনের পাশাপাশি জুলাইবাড়ি স্টেশনও পরিদর্শন করেছেন তিনি ৷ তারপর পর্যায়ক্রমে জোলাইবাড়ি থেকে মনুবাজার এবং মনুবাজার থেকে সাব্রুম পর্যন্ত রেল লাইন পর্যবেক্ষণ করেন শৈলেশ পাঠক৷ সাথে স্টেশনগুলিও পরিদর্শন করেছেন তিনি ৷


