৪৮ ঘণ্টা ট্যাক্সি ধর্মঘটে চরম দুর্ভোগের শিকার যাত্রীরা

< 1 - মিনিট |

মঙ্গলে দুঃসংবাদ যাত্রীদের। হলুদ ট্যাক্সি, উবের এবং ওলা সহ সব মিলিয়ে আগামী ৪৮ ঘণ্টায় তিলোত্তমার বুকে চলবে না মোট ৩৫ হাজার গাড়ি

কে আর সি টাইমস ডেস্ক

মঙ্গলবার ও বুধবার মিলিয়ে টানা ৪৮ ঘণ্টা শহর জুড়ে ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল ‘ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি ওয়ার্কার ফেডারেশন’ । পাশাপাশি একই সঙ্গে মঙ্গলবার বন্ধ থাকবে অ্যাপ ক্যাব পরিষেবা | সবমিলিয়ে চরম দুর্ভোগের শিকার হতে চলেছে যাত্রীরা |
মোট সাত দফা দাবি নিয়ে ৪৮ ঘণ্টা ট্যাক্সি বন্ধের সিদ্ধান্ত নেয় হলুদ ট্যাক্সি সংগঠন | এই দু’দিন রাস্তায় নামবে না ২০ হাজার হলুদ ট্যাক্সি । অন্যদিকে সিটুর এই দাবিকে সমর্থন জানিয়ে মঙ্গলবার ১৫ হাজার অ্যাপ ক্যাব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওলা ও উবেরের চালকরাও । সব মিলিয়ে মঙ্গলবার মোট ৩৫ হাজার গাড়ি চলবে না শহরে ।


হলুদ ট্যাক্সি চালকদের ৭ দফা দাবির মধ্যে অন্যতম ৩ টি দাবি হল, ট্যাক্সি চালকের মৃত্যু হলে ৫ লক্ষ টাকা সরকারি ক্ষতিপূরণ দিতে হবে । পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দিতে হবে, মিটার ট্যাক্সির ভাড়া বাড়াতে হবে । গাড়িতে উঠলেই ৩০ টাকার বদলে ৪০ টাকা করতে হবে । ‘ওয়েটিং চার্জ’ ২ টাকা থেকে বাড়িয়ে ৩ টাকা করতে হবে, এছাড়াও ‘মোটর ভেহিকলস অ্যাক্ট’ ২০১৯ খারিজ করতে হবে । এই অ্যাক্টে যে জরিমানার তালিকা দেওয়া হয়েছে, তা বাতিল করতে হবে ।ও পুলিশি জুলুমবাজি বন্ধ করতে হবে ।
একইভাবে অ্যাপ ক্যাবের পক্ষ থেকে ‘মোটর ভেহিকলস অ্যাক্ট’ বাতিলের দাবিতে ও পুলিশের জুলুমের বিরুদ্ধে, বাম সংগঠন সিটুর এই ধর্মঘটকে নৈতিক সমর্থন জানানো হয় । তাদের অভিযোগ, পিকআপ বা ড্রপের সময়ে রাস্তায় দাঁড়ালেই বিনা কারণে পুলিশ কেস দিচ্ছে । টাকা দিলেই ছেড়ে দিচ্ছে । এই পরিরিস্থিতির অবিলম্বে বদল ঘটাতে হবে | এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রায় অচলাবস্থা শিকার হতে চলেছে মহানগরী |

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *