এসটিএফ-এর জালে ধরা পড়ল আরও দুই জেএমবি জঙ্গি

< 1 - মিনিট |

জেএমবি সংগঠনের উত্তর দিনাজপুর মডিউলের দায়িত্বে ছিল এই দু’জন জঙ্গি নেতা । এই দু’জনই টার্গেটে থাকা জেহাদি প্রশিক্ষনপ্রাপ্ত যুবকদের নাম লেখাত জঙ্গি খাতায়

কে আর সি টাইমস ডেস্ক

ফের সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) | এবার মালদহ থেকে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের জালে ধরা পড়ল ২ জন জামাত-উল-মুজাহিদিন (জেএমবি) জঙ্গি । ধৃতদের নাম আবদুল বারি ও নিজামউদ্দিন খান । মঙ্গলবার সকালে সামসি থেকে এই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ | তারপরেই কলকাতায় নিয়ে আসা হয় ধৃতদের | এদিন ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে তুলে নিজেদের হেপাজতে চায় এসটিএফ ।

সোমবার কলকাতা থেকে গ্রেফতার হওয়া আবুল কাশেমকে জেরা করেই এই দুই জঙ্গির খোঁজ পান গোয়েন্দারা | তারপরেই মঙ্গলবার সকালে সামসিতে অভিযান চালান তারা | সেখান থেকেই এই দুই জঙ্গিকে আটক করে পুলিশ | এদিন এই দুই জঙ্গির কাছ থেকেই বেশ কিছু ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ | তারপরেই গ্রেফতার করা হয় তাদের | এদিন ধৃতদের থেকে মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ |

জানা গিয়েছে, জেএমবি সংগঠনের উত্তর দিনাজপুর মডিউলের দায়িত্বে ছিল এই দু’জন জঙ্গি নেতা । এই দু’জনই টার্গেটে থাকা জেহাদি প্রশিক্ষনপ্রাপ্ত যুবকদের নাম লেখাত জঙ্গি খাতায় । ব্যবস্থা করত তাদের ট্রেনিংয়ের । সংগঠনের নতুন সদস্যদের প্রশিক্ষণও দিত তারা । এর সঙ্গেই চলত মগজ ধোলাই । সালাহিন ও ইজাজের নির্দেশ অনুযায়ী উত্তর দিনাজপুরের মডিউলের দায়িত্ব সামলাতো ধৃতরা । এছাড়াও ভারত কিংবা বাংলাদেশের জেএমবির কোনও শীর্ষস্থানীয় নেতা উত্তর দিনাজপুরে এলে তাদের থাকার ব্যবস্থাসহ অন্য ব্যবস্থা করা ছিল এই দুই জঙ্গি নেতার কাজ ।

উল্লেখ্য, কিছুদিন আগেই গয়া থেকে গ্রেফতার হয় জেএমবির ভারতের প্রধান মহম্মদ ইজাজকে । এরপর তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকালে কলকাতার ইস্ট ক্যানাল রোডে অভিযান চালিয়ে আবুল কাশেম নামে আর এক জেএমবি জঙ্গিকে গ্রেফতার করে এসটিএফ | পরে তাকে জেরা করেই উঠে আসে এই দুজন জঙ্গি নেতার নাম | অন্যদিকে ইজাজ গ্রেফতার হওয়ার পরই গা ঢাকা দিয়েছিল আবদুল ও নিজামউদ্দিন । এমনকি রাজ্য ছেড়ে পালানোরও ছক কষে ফেলেছিল তারা | যদিও শেষ রক্ষা হল না | মঙ্গলবার সকালেই এসটিএফের জালে ধরা পড়ে যায় এই দুই জঙ্গি নেতা |

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *