একা নুয়ানকে নিয়েই নয়, শ্রীলঙ্কা শিবির চিন্তিত লাহিরু থিরিমানেকে নিয়েও৷ ব্রিস্টলের নেটে ব্যাটিং করার সময় হাঁটু নিয়ে রীতিমতো অস্বস্তিতে দেখায় থিরিমানেকে
কে আর সি টাইমস ডেস্ক
চোটের কারণে আগামীকাল মঙ্গলবার ব্রিস্টলে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে খেলতে পারবেন না পেসার নুয়ান প্রদীপ৷ যদিও এই মুহূর্তে সিংহলিরা বেশি চিন্তিত তাদের ব্যাটিং বিপর্যয় নিয়ে৷ দু’টি ম্যাচের একটিতেও বড় রানের ইনিংস গড়তে পারেনি শ্রীলঙ্কা৷ বোলাররা লড়াইয়ে রেখেছিল দ্বীপরাষ্ট্রকে৷ এবার সেই বোলিং লাইনআপেই মোক্ষম আঘাত লাগল শ্রীলঙ্কার৷
আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেলেও চলতি আইসিসি বিশ্বকাপে স্বস্তিতে নেই শ্রীলঙ্কা৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে একতরফা হার ও পাকিস্তানের বিরুদ্ধে বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচের সুবাদে তারা ৩ পয়েন্ট সংগ্রহ করেছে৷ স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কার সেমিফাইনালের স্বপ্ন শুরুতেই বড়সড় ধাক্কা খেয়েছে৷ আফগানিস্তানের বিরুদ্ধে ৩১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া প্রদীপ ব্রিস্টলের নেটে অনুশীলনের সময় হাতে চোট পান৷ তাঁর ডান হাতের কণিষ্ঠ আঙুলের হাড় সরে যায়৷ কেটে রক্তপাতও হয়৷ তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ডাক্তাররা সরে যাওয়া হাড় যথাস্থানে ফিরিয়ে আনেন৷ সেলাইও হয় আঙুলে৷ ফলে প্রাথমিকভাবে অন্তত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন নুয়ান৷ একা নুয়ানকে নিয়েই নয়, শ্রীলঙ্কা শিবির চিন্তিত লাহিরু থিরিমানেকে নিয়েও৷ ব্রিস্টলের নেটে ব্যাটিং করার সময় হাঁটু নিয়ে রীতিমতো অস্বস্তিতে দেখায় থিরিমানেকে৷ যদিও তাঁকে নিয়ে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট আলাদা ককে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি৷ তবে তাঁর ম্যাচ ফিটনেস নিয়ে সংশয় দেখা দিয়েছে নিশ্চিত৷


