তিন গেমের লড়াইয়ে থেমে যায় ভারতীয় তারকার দৌড়
কে আর সি টাইমস ডেস্ক
থাইল্যান্ড ওপেনের দ্বিতীয় রাউন্ডেই শেষ হয়ে গেল সাইনার অভিযান৷ চোট সারিয়ে এই টুর্নামেন্টেই কোর্টে ফেরেন সাইনা নেওয়াল ৷
বৃহস্পতিবার থাইল্যান্ড ওপেনে মহিলা সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে জাপানের অবাছাই সায়াকা টাকাহাশির কাছে হেরে যান সাইনা ৷ সপ্তম বাছাই সাইনা এদিন মোটেই ছন্দে ছিলেন না ৷ তিন গেমের লড়াইয়ে থেমে যায় ভারতীয় তারকার দৌড়৷ প্রথম গেম জিতলেও পরের দু’টি (২১-১৬, ১১-২১, ১৪-২১) গেম হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন সাইনা ৷
থাইল্যান্ড ওপেনের দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে হায়দরাবাদি শাটলার স্ট্রেট সেটে পরাজিত করলেন থাইল্যান্ডেরই বছর আঠারোর শাটলার ফিত্তায়াপর্ন চাইওয়ানকে।সপ্তম বাছাই সাইনার পক্ষে প্রথম রাউন্ডে ম্যাচের ফল ২১-১৭, ২১-১৯। এর আগে চোটের কারণে শেষ মুহূর্তে ইন্দোনেশিয়া ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সাইনা। এরপর চোট সারিয়ে সম্পূর্ন ফিট হয়ে থাইল্যান্ড ওপেনে ফিরে আসার কারণে জাপান ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন প্রাক্তন বিশ্বের এক নম্বর। সেক্ষেত্রে ইন্দোনেশিয়া ও জাপান ওপেনে মহিলা সিঙ্গলসে দেশের একমাত্র মুখ হিসেবে ছিলেন পুসরেলা ভেঙ্কট সিন্ধু।
ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে ও জাপান ওপেনের কোয়ার্টার ফাইনালে আকানে ইয়ামাগুচির কাছে হেরে চলতি মরশুমে পদকজয়ের স্বপ্ন অধরাই রয়ে যায় সিন্ধুর। থাইল্যান্ড ওপেন থেকে আবার শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছেন রিও অলিম্পিকের ব্রোঞ্জজয়ী।


