বিসিসিআইয়ের কাছে আর্জি প্রাক্তন ক্রিকেটারের
KRC Times Desk
প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাত নম্বর জার্সি চিরতরে তুলে রাখা হোক। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানের কথা উল্লেখ করে এমনই দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিসিসিআইয়ের প্রাক্তন জেনারেল ম্যানেজার সাবা করিম। ধোনি ছাড়াও আরও বেশ কিছু ক্রিকেটারের জার্সিও তুলে রাখার কথা বলেছেন তিনি।
গত বছর ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। তবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নেমেছিলেন। ১৯৮৩ সালের পর ধোনির অধিনায়কত্বেই দ্বিতীয়বার ২০১১ ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারত। এছাড়া ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানও অনেক বেশি। আর সেকথা মনে করিয়েই এক সাক্ষাৎকারে সাবা করিম বলেছেন, ‘এম এস ধোনির জার্সি অবশ্যই তুলে রাখা উচিত। তবে শুধু ধোনির জার্সি নয়, আরও বেশ কয়েকজন ভারতীয় কিংবদন্তিদের জার্সিও সংরক্ষণ করে রাখা উচিত। ওই নম্বরের জার্সি যাতে আর কেউ না পরতে পারেন, সেই নিয়ম করে দেওয়া উচিত বিসিসিআইয়ের।’ এই ব্যাপারে বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনও মন্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি।
এর আগে মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকারের জার্সি নিয়েও কম বিতর্ক হয়নি। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে থাকাকালীন শচীনের জার্সি তুলে দেওয়া হয়েছিল মুম্বই পেসার শার্দূল ঠাকুরের হাতে। শচীনের জার্সির উত্তরসূরি হতে পেরে আপ্লুত হয়েছিলেন পেসার। কিন্তু সে স্মৃতি তাঁর পক্ষে বিশেষ সুখকর হয়নি। ক্রিকেট অনুগামীদের রোষের মুখে পড়তে হয় শার্দূলকে। সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। এরপরই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সিদ্ধান্ত নেয়, ১০ নম্বর জার্সির স্মৃতি আজীবন শচীনের নামের সঙ্গেই জুড়ে রাখা হবে। এরপরই ১০ নম্বর জার্সির অবসরের সিদ্ধান্ত নেয় বোর্ড।
তবে আইসিসির নিয়ম অনুযায়ী কোনও জার্সি নম্বরকে বিদায় জানানো যায় না। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে গিয়ে এ বিষয়ে আর্জি জানাতে হবে। তাই আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না করলেও শচীনের ব্যবহৃত জার্সি নম্বর আর কাউকে না দেওয়ারই সিদ্ধান্ত নেয় বিসিসিআই। এখন দেখার সাবা করিমের দাবি মেনে ধোনির জার্সির ক্ষেত্রেও সেই সিদ্ধান্ত নেয় কি না বিসিসিআই।


