আইপিএলের ইতিহাসে সর্বকালের সেরা স্পিন বোলিংয়ের নজির ইমরান তাহিররে ঝুলিতে

< 1 - মিনিট |

আইপিএলের ইতিহাসে সর্বকালের সেরা স্পিন বোলিংয়ের নজির রাখলেন চেন্নাই সুপার কিংসের ইমরান তাহির৷

কে আর সি টাইমস ডেস্ক

আইপিএলের ইতিহাসে সর্বকালের সেরা স্পিন বোলিংয়ের নজির রাখলেন চেন্নাই সুপার কিংসের ইমরান তাহির৷ হায়দরাবাদে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফাইনালে ২৩ রানে ২ উইকেট শিকার করেন প্রোটিয়া লেগ-স্পিনার৷ সূর্যকুমার যাদব ও ইশান কিষাণের উইকেট নেওয়ার সুবাদে দ্বাদশ আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি৷ দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাদার কাছ থেকে ছিনিয়ে নেন বেগুনি টুপি৷

ফাইনালসহ ১৭ ম্যাচে তাহিরের উইকেট সংখ্যা দাঁড়ায় ২৬৷ রাবাদা ১২ ম্যাচে নিয়েছেন ২৫টি উইকেট৷ ৪০ বছর বয়সী তাহির আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি বয়সে বেগুনি টুপি দখল করা ছাড়াও আরও একটি সর্বাকালীন রেকর্ড গড়েন৷ ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে এক মরশুমে সব থেকে বেশি উইকেট নেওয়া স্পিনারে পরিণত হন তিনি৷ এই নিরিখে তাহির ভেঙে দেন সুনীল নারিন ও হরভজন সিংয়ের যুগ্ম রেকর্ড৷

২০১২ আইপিএলে সুনীল নারিন এবং ২০১৩ আইপিএলে হরভজন ২৪টি করে উইকেট নিয়েছিলেন৷ দু’জনের কেউই সেই মরশুমে বেগুনি টুপি পাননি৷ তবে এতদিন সেটাই ছিল আইপিএলের এক মরশুমে কোনও স্পিনারের নেওয়া সর্বোচ্চ উইকেট৷ তাহির দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারেই নারিন ও ভাজ্জিকে ছুঁয়ে ফেলেন৷ শেষে ফাইনাল ম্যাচে দু’জনকে টপকে গেলেন তিনি৷

উল্লেখ্য, আইপিএলের এক মরশুমে সব থেকে বেশি ৩২টি উইকেট নিয়েছেন ডোয়েন ব্র্যাভো৷ ২০১২ সালে চেন্নাইয়ের হয়ে এমন কৃতিত্ব দেখান ক্যারিবিয়ান মিডিয়াম পেসার৷ ২০১১ সালে মুম্বইয়ের হয়ে মালিঙ্গা নেন ২৮টি উইকেট৷ ২০১৭ সালে ভুবনেশ্বর নেন ২৬টি উইকেট৷ তাহিরের ২৬টি উইকেট এই তালিকায় যুগ্মভাবে তৃতীয় স্থানে থাকবে৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *