ইউরো কোয়ালিফায়ারে লিথুয়ানিয়ার বিরুদ্ধে ৬-০ গোলে জিতল পর্তুগাল
কে আর সি টাইমস ডেস্ক
ইউরো কোয়ালিফায়ারে লিথুয়ানিয়ার বিরুদ্ধে ৬-০ গোলে জিতল পর্তুগাল। রোনাল্ডোর নবম হ্যাটট্রিকের সঙ্গে বৃহস্পতিবার আন্তর্জাতিক কেরিয়ারে নামের পাশে ৯৮তম গোলটি জুড়ে নিলেন জুভেন্তাস তারকা। রোনাল্ডোর হ্যাটট্রিক ছাড়া পর্তুগালের হয়ে বাকি তিনটি গোল করলেন গন্সালো প্যাসিয়েনসিয়া, পিজ্জি এবং বার্নার্দো সিলভা। প্রথম লেগের ম্যাচে লিথুয়ানিয়াকে ৫-১ গোলে হারিয়েছিল পর্তুগাল। এদিন ম্যাচের সাত মিনিটে পেনাল্টি থেকে দলের এবং নিজের গোলটি করেন রোনাল্ডো। ২২ মিনিটে বক্সের সামান্য বাইরে থেকে কার্লিং শটে নিশানায় ফের অব্যর্থ থাকেন তিনি। এরফলে ২-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। এসি মিলানের বিরুদ্ধে সিরি-‘এ’র ম্যাচে মৌরিজিও সারি তাঁকে তুলে নেওয়ায় ক্ষুব্ধ হয়ে ম্যাচ শেষের আগেই মাঠ ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দিনকয়েক আগে পর্তুগিজ সুপারস্টারের এহেন আচরণে ভ্রু কুঁচকেছিলেন অনেকেই। ইউরো কোয়ালিফায়ারে লিথুয়ানিয়ার বিরুদ্ধে যেন গত ম্যাচের ক্ষোভ সুদে-আসলে তুলে নিলেন পর্তুগিজ ফুটবলের পোস্টার বয়। এই জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রইল পর্তুগাল। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয়স্থানে সার্বিয়া। ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপ-‘বি’ থেকে ইতিমধ্যেই ইউরোর মূলপর্বে পৌঁছে গিয়েছে ইউক্রেন। আগামী রবিবার গ্রুপের শেষ ম্যাচে লুক্সেমবার্গের মুখোমুখি রোনাল্ডোরা।


