আজ ভোর ৫:১০-এ নিজের ট্যুইট এই খবর দিয়ে ধিং এক্সপ্রেস হিমা লিখেছেন, “চ্যালেঞ্জ জীবনকে আকর্ষণীয় করে তুলে, যা ভবিষ্যতকে আরও অর্থবহ করে”
কে আর সি টাইমস ডেস্ক
আন্তর্জাতিক স্তরে এগারো দিনের মধ্যে তৃতীয় স্বর্ণপদক অর্জন করে দেশের জন্য গৌরব কেড়ে এনেছেন অসমকন্যা হিমা দাস। শনিবার, অৰ্থাৎ ১৩ জুলাই ডেস রিপাবলিক-এর ক্লাডনো মেমোরিয়াল অ্যাথলেটিকস মিট-এ ২০০ মিটার শাখায় ২৩.৪৩ সেকেন্ডে তাঁর লক্ষ্য সম্পূৰ্ণ করে শীৰ্ষস্থান দখল করেছেন তিনি। আজ ভোর ৫:১০-এ নিজের ট্যুইট এই খবর দিয়ে ধিং এক্সপ্রেস হিমা লিখেছেন, “চ্যালেঞ্জ জীবনকে আকর্ষণীয় করে তুলে, যা ভবিষ্যতকে আরও অর্থবহ করে।”
গত ৪ জুলাই পোলেন্ডে অনুষ্ঠিত ‘পোজনান অ্যাথলেটিকস গ্ৰ্যান্ড প্রিক্স’-এ মহিলাদের দুশো মিটার শাখায় চমকপ্ৰদ প্ৰদৰ্শন করে প্রথম স্বর্ণপদক অর্জন করেছিলেন হিমা দাস। এরপর ৭ জুলাই সেই পোল্যান্ডেই দ্বিতীয় স্বর্ণপদক জয় করেন ১৯ বছরের অসমকন্যা ধিং এক্সপ্রেস হিমা দাস। পোল্যান্ডে ‘কুটনো অ্যাথলেটিকস মিট’-এ মহিলাদের ২০০ মিটার শাখায় প্ৰতিযোগিতায় হিমা ২৩.৯৭ সেকেন্ডে তাঁর লক্ষ্য সম্পূৰ্ণ করে শীৰ্ষস্থান দখল করেছিলেন দৌড়কন্যা হিমা।
এছাড়াও গত ২১ এপ্রিল দোহার খলিফা স্টেডিয়ামে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার দৌড়ের প্ৰথম হিটস্ থেকে অপ্ৰত্যাশিতভাবে বিদায় নিতে হয়েছিল হিমা দাসকে। দৌড়ের মধ্যগগনে গিয়ে প্ৰচণ্ড পিঠের ব্যথায় আক্রান্ত হন এই স্প্ৰিন্টার। ব্যথার প্রাবল্য এত বেশি ছিল, যার জন্য প্রথমে তিনি ট্র্যাকের মাঝখানে বসে পড়েন। এর পর পিঠের ব্যথা সারাতে চিকিৎসা চলছে তাঁর।


