কিলিয়ান এমবাপের জন্য ঝাঁপাল রিয়েল মাদ্রিদ। প্রায় ২২০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে পিএসজির এই তারকাকে।
কে আর সি টাইমস ডেস্ক
কিলিয়ান এমবাপের জন্য ঝাঁপাল রিয়েল মাদ্রিদ। প্রায় ২২০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে পিএসজির এই তারকাকে। নেইমারকে যে অর্থে নিয়েছিল পিএসজি। এমবাপে যদি মাদ্রিদে পা রাখেন, তবে সেই রেকর্ডও ভেঙে যাবে।
বরাবরই তারকাখচিত দল তৈরি করে রিয়েল মাদ্রিদ। অতীতে বড় রোনাল্ডো, জিনেদিন জিদান, লুইস ফিগো, ডেভিড বেকহ্যামরা একসঙ্গে খেলে গেছেন রিয়েল মাদ্রিদে। তারপর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেঞ্জেমা, কাকা একসঙ্গে খেলেছেন। এই তারকাদের নেওয়ার জন্য বিপুল অর্থ খরচ করেছিল রিয়েল মাদ্রিদ। এবার এমবাপের জন্যও রেকর্ড অর্থ খরচ করতে প্রস্তুত তারা।
গত মরশুমে রিয়েল মাদ্রিদ ছেড়ে রোনাল্ডো চলে গেছেন জুভেন্টাসে। মরশুমের প্রায় শেষে এসে জিদানকে আবার কোচের পদে ফিরিয়ে এনেছে রিয়েল মাদ্রিদ। জিদান চাইছেন আক্রমণকে শক্তিশালী করতে। তাই রিয়েলের প্রথম লক্ষ্য এমবাপেকে আনা। সঙ্গে পল পোগবা ও হ্যাজার্ডকেও দলে চাইছেন জিদান। তিন তারকাকে দলে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছেন রিয়েল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।


