ইউরোপা লিগের প্রথম পর্বের সেমিফাইনালে সহজ জয় পেল আর্সেনাল
কে আর সি টাইমস ডেস্ক
ইউরোপা লিগের প্রথম পর্বের সেমিফাইনালে সহজ জয় পেল আর্সেনাল৷ ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে থাকল গানার্সরা৷ তবে শেষ চারে চেলসির লড়াই কঠিন হল সন্দেহ নেই৷ সেমিফাইনালের প্রথম লেগে ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে দ্য ব্লুজ৷ ড্র ম্যাচে চেলসির প্রাপ্তি একটি অ্যাওয়ে গোল৷
ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচের শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়লেও ল্যাকাজেটের জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে আনে অর্সেনাল৷ গানার্সদের হয়ে অপর গোলটি করেন পিয়ের-এমেরিক৷ স্প্যানিশ ক্লাবের হয়ে একমাত্র গোলটি আসে দিয়াকাবির পা থেকে৷ ম্যাচের ১১ মিনিটে মাথায় রডরিগোর পাস থেকে আর্সেনালের জালে বল জড়ান দিয়াখাবি৷ ১৮ মিনিটে পিয়ের-এমেরিকের পাস থেকে গোল করে আর্সেনালকে সমতায় ফেরান ল্যাকাজেট৷ ২৫ মিনিটে ঝাকার পাস থেকে গোল করে আর্সেনালকে ২-১ গোলে এগিয়ে দেন ল্যাকাজেট৷ প্রথমার্ধে আর কোনও গোল হয়নি৷ ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ৯০ মিনিটের মাথায় কোলাসিনাচের পাস থেকে আর্সেনালের তৃতীয় গোলটি করেন পিয়ের-এমেরিক৷


