ফের দুরন্ত ফর্মে ময়াঙ্ক আগরওয়াল
কে আর সি টাইমস ডেস্ক
ফের দুরন্ত ফর্মে ময়াঙ্ক আগরওয়াল ৷ টেস্ট কেরিয়ারে টানা দু’টি সিরিজে ডাবল সেঞ্চুরি করলেন টিম ইন্ডিয়ার এই ডানহাতি ওপেনার৷ ১৯৬ রানে দাঁড়িয়ে মেহেদি হাসানকে ছক্কা হাঁকিয়ে টেস্ট কেরিয়ারে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ২৮ বছরের কর্নাটকের এই ক্রিকেটার৷ বীরেন্দ্র সেহওয়াগের ঢংয়ে ৬ মেরে ডাবল সেঞ্চুরিতে পৌঁছান ময়াঙ্ক৷ গত মাসে বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে টেস্ট কেরিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন ময়াঙ্ক ৷ শুক্রবারও ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ফের দ্বিশতরান করলেন ভারতীয় দলের এই ডানহাতি ওপেনার৷ টস জিতে বাংলাদেশ অধিনায়ক মোমিনূল হক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও হতাশ হননি বিরাট কোহলি। প্রথমদিনেই বাংলাদেশকে মাত্র ১৫০ রান শেষ করে বড় রানের লক্ষ্যে যাত্রা শুরু করেন ভারতীয় ব্যাটসম্যানরা৷ শুক্রবার দ্বিতীয় দিনের চায়ের বিরতি পর্যন্ত সময়ে বাংলাদেশি বোলারদের উপর ছড়ি ঘোরান ভারতের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। দলকে টেনে নিয়ে যান বড় রানের লক্ষ্যে। চেতেশ্বর পূজারাকে সঙ্গে নিয়ে ইনিংসের ভিত গড়েছিলেন ময়াঙ্ক। এবার সহঅধিনায়ক রাহানেকে সঙ্গে নিয়ে সেই ভিতের উপর বড়সড় ইমারত গড়ার কাজটিও যথাযথ করেন আগরওয়াল। আপাতত দ্বিতীয় দিনের চায়ের বিরতির পর ভারত তাদের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৪১৪ রান তুলেছে। আগরওয়াল ইতিমধ্যে ব্যক্তিগত দ্বিশতরান পূর্ণ করেছেন।


