শনিবার চণ্ডীগড়ের ক্রিকেট বোর্ডকে সরকারি ভাবে সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে বিসিসিআই
কে আর সি টাইমস ডেস্ক
গত বছর রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছে মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডের মতো উত্তর-পূর্বের দলগুলির। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন মরশুমে আরও একটি নতুন দলকে খেলতে দেখা যেতে পারে। শনিবার চণ্ডীগড়ের ক্রিকেট বোর্ডকে সরকারি ভাবে সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে বিসিসিআই।
বোর্ডের স্বীকৃত পাওয়ার পর চণ্ডীগড়ের রঞ্জি ট্রফিতে খেলার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। চণ্ডীগড়ের স্থানীয় ক্রিকেট বোর্ড, ‘ইউনিয়ন টেরিটরি ক্রিকেট অ্যাসোসিয়েশন’ (ইউটিসিএ)-এর সভাপতি সঞ্জয় ট্যান্ডন বোর্ডর স্বীকৃতি পাওয়ার পর বলেন, “আজ বিসিসিআইয়ের বৈঠকে চণ্ডীগড়ের সদস্যপদে সম্মতি দেওয়া হয়েছে। ফলে সরকারি ভাবে চণ্ডীগড় এখন থেকে রঞ্জি ট্রফি খেলতে পারবে।” বোর্ডের সম্মতির খবরে রীতিমতো উচ্ছ্বসিত চণ্ডীগড়ের ৫৭ বছর বয়সী ক্রিকেট কোচ হরিশ শর্মা। চণ্ডীগড়ের সেক্টর ১৬ স্টেডিয়ামে ১৯৮৯ সালের ১৬ আগস্ট কোচ হিসাবে যোগদান করেছিলেন। যুবরাজ সিং, নয়ন মোঙ্গিয়া, ভিআরভি সিং, সিদ্ধার্থ কাউলের মতো জাতীয় দলের ক্রিকেটাররা উঠে এসেছিলেন হরিশ শর্মার কোচিং থেকেই। এদিন খবরটি পান স্টেডিয়ামে শিক্ষার্থীদের ফিল্ডিং কোচিং করানোর সময়। এই মুহূর্তে এই শহরের প্রায় ২০০০ ক্রিকেট শিক্ষার্থী রয়েছেন। বোর্ডের এই সিদ্ধান্তের ফলে তাঁরা ইতিমধ্যেই রঞ্জি খেলরা স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন।


