জাতীয় পুরুষ ও মহিলা হকি দলে অলিম্পিক টেস্ট ইভেন্ট জয়

2 - মিনিট |

জাপানের বিরুদ্ধে লড়াই করে জয় আনে রানির দল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় পায় ছেলেরা

কে আর সি টাইমস ডেস্ক

অলিম্পিক টেস্ট ইভেন্ট হকিতে দ্বিমুকুট জিতল ভারত৷ ছেলেদের ফাইনালে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত৷ আবার মেয়েদের ফাইনালে আয়োজক জাপানকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ভারতের মেয়েরা৷

রাউন্ড রবিন লিগে নিউজিল্যান্ডের কাছে ১-২ গোলে হেরেছিল ভারতের ছেলেরা৷ ফাইনালে বড় ব্যবধানে তাদের পরাস্ত করে মধুর প্রতিশোধ নিল হরমনপ্রীত সিংরা৷ ম্যাচের ৭ মিনিটে ভারতের হয়ে প্রথম গোলটি করেন হরমনপ্রীতই৷ দ্বিতীয় কোয়ার্টারে বাকি চারটি গোল দেয় ভারত৷ ১৮ মিনিটে গোল করেন শামশের সিং৷ ২২ মিনিটে নিউজিল্যান্ডের জালে বল জড়ান নীলকান্ত শর্মা৷ ২৬ মিনিটে ভারতের হয়ে ব্যবধান বাড়ান গুরসাহিব সিং৷ ২৭ মিনিটে মনদীপ সিং গোল করে ম্যাচের স্কোরলাইন ৫-০ করেন৷

অন্যদিকে ভারতের মেয়েরা টুর্নামেন্ট শেষ পর্যন্ত অপরাজিত থাকে৷ ফাইনালের ১১ মিনিটের মাথায় ভারতের হয়ে প্রথম গোল করেন নভজ্যোৎ কউর৷ তবে বেশিক্ষণ লিড বজায় রাখা সম্ভব হয়নি ভারতের পক্ষে৷ এক মিনিটের মধ্যেই অর্থাৎ ম্যাচের ১২ মিনিটে জাপানের হয়ে ম্যাচে সমতা ফেরান মিনামি শিমিজু৷ প্রথমার্ধের স্কোরলাইন থাকে ১-১৷

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে এগিয়ে যায় ভারত৷ ৩৩ মিনিটে লালরেমসিয়ামি জাপানের জালে বল জড়িয়ে পুনরায় লিড এনে দেন ভারতকে৷ ম্যাচের বাকি সময়ে আর কোনও গোল না-হওয়ায় চ্যাম্পিয়ন হয় ভারত৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *