প্রসূনের পাশাপাশি মোহনবাগান রত্ন পাচ্ছেন কেশব দত্তও

2 - মিনিট |

শুধু ফুটবল নয়, প্রথা ভেঙে অন্য খেলাকেও গুরুত্ব

কে আর সি টাইমস ডেস্ক

শতবর্ষ উদযাপন ঘিরে চিরপ্রতিপক্ষ ক্লাব যখন একের পর এক মাস্টার স্ট্রোক দিচ্ছে, প্রস্তুতি চলছে এলাহি আয়োজনের, তখনও যেন ঘুম ভাঙেনি সবুজ-মেরুন পালতোলা নৌকার।মোহনবাগান দিবস পালন নিয়ে ধৈর্যের বাধ ভাঙছিল গোষ্ঠ পাল সরণির ক্লাবটির সভ্য সমর্থকদেরও। অবশেষে দেরিতে হলেও জেগে উঠল মেরিনার্স। নির্ঘণ্ট প্রকাশ হল মোহনবাগান দিবসের। যদিও তার জৌলুস প্রতিবেশী ক্লাবের শতবর্ষ পালনের অনুষ্ঠানের থেকে অনেকটাই কম। এমনকি প্রথা মাফিক মোহনবাগান দিবসে অন্যান্য বছর যে সকল অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে, তাতেও সামান্য কোপ পড়ছে চলতি বছরে।

প্রতিষ্ঠা দিবসে ঐতিহ্যের ধারা ও পরম্পরা অনুযায়ী আগামী ২৯ জুলাই প্রদান করা হবে ‘মোহনবাগান রত্ন’। তবে এবার অন্যান্য বারের মতো একজন নয়, মোহনবাগান রত্নে ভূষিত হবেন ক্লাবের দুই প্রাক্তনী।ক্লাবের প্রাক্তন দিকপাল ফুটবলার তথা বর্তমান সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও ক্লাব তথা জাতীয় হকি দলের প্রাক্তন তারকা দুটি অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় দলের সদস্য কেশব দত্তের হাতে এবার তুলে দেওয়া হবে ‘মোহনবাগান রত্ন’ সম্মান।৯৩ বছরের কেশব দত্তই এখন অলিম্পিকে (১৯৪৮, ১৯৫২) দুটি সোনাজয়ী একমাত্র জীবিত হকি খেলোয়াড়। সবুজ-মেরুন জার্সিতে খেলরা সময়ই তিনি বারতীয় দলে সুযোগ পেয়েছিলেন। অন্য দিকে, প্রসূন মোহনবাগান জার্সিতে ৯ বছর খেলে ২৮টি ট্রফি জিতেছেন। ১৯৭৮ সালে তাঁর নেতৃত্বেই ত্রিমুকুট জিতেছিল মোহনবাগান। এই ক্লাবে খেলাকালীনই তিনি জাতীয় দলের অধিনায়ক হওয়ার পাশাপাশি এশিয়ান অলস্টার দলে সুযোগ ও অর্জুন পুরস্কার পেয়েছিলেন। এখনও গোষ্ঠ পাল সরণির ক্লাবটির সঙ্গে ওতোপ্রতো ভাবে যুক্ত রয়েছেন প্রসূন।

২০০১ সালে এই পুরস্কার চালু হওয়ার পর থেকে এতদিন পর্যন্ত এই পুরস্কার পেতেন শুধু মাত্র ফুটবলাররা। এবার থেকে অন্য বিভাগে মোহনবাগানে খেলা কিংবদন্তিদেরও এই সম্মানে সম্মানিত করা হবে।এবার থেকে এই প্রক্রিয়া চালু থাকবে সবুজ-মেরুনে।যদিও বার্ধক্যজনিত সমস্যায় গৃহবন্দি কেশব দত্ত পুরস্কার নিতে হাজির থাকতে পারবেন কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

রবিবার ক্লাবের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল সোমবার ‘মোহনবাগান রত্ন’ নিয়ে কর্মসমিতি সভায় চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। তবে প্রাথমিকভাবে প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে এই সম্মান দেওয়ার কথা উঠলেও তা নাকচ করে দেন বৈঠকে উপস্থিত কর্তারা। পরিবর্তে প্রয়াত ক্লাবের প্রাক্তন গোলরক্ষক শিবাজি বন্দ্যোপাধ্যায় কিংবা প্রসূন বন্দ্যোপাধ্যায় নামই আলোচনায় ঘোয়াফেরা করছিল।

মোহনবাগান রত্ন ছাড়াও মোহনবাগানের প্রতিষ্ঠা দিবসের দিন লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাবেন প্রাক্তন ফুটবলার অশোক চট্টোপাধ্যায়। ওই দিনই স্পেশাল স্পোর্টস পার্সোনালিটি সম্মান দেওয়া হবে ভারতীয় ক্রিকেটের মহম্মদ শামিকে। পাশপাশি ক্লাবের অর্থসচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, এ বার ক্লাব দুটো নতুন পুরস্কার চালু করছে। যার একটি প্রয়াত পুঙ্গম কান্ননের নামে। এই পুরস্কারটি তুলে দেওয়া হবে ক্লাবেরই কোনও প্রতিশ্রুতিবান ফুটবলারের হাতে। তবে এবার মোহনবাগানের গোটা অনূর্ধ্ব-১৯ দলের হাতেই এই পুরস্কার তুলে দেওয়া হবে। আর দ্বিতীয় পুরস্কারটি হল ক্লাবের প্রয়াত অ্যাথলিট ভোলা মাহাতোর স্মরণে বর্ষসেরা অ্যাথলিটের পুরস্কার। যা এবার পাচ্ছেন অ্যাথলিট তাপস দে।

এছাড়াও এবারের মোহনবাগান দিবসে পাঁচ জনের হাতে তুলে দেওয়া হবে লাইফ টাইম মেম্বারশিপ কার্ড।এঁরা হলেন- সৌরভ গঙ্গোপাধ্যায়, ভেস পেজ, চুনী গোস্বামী, দেবশঙ্কর হালদার ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ২৯ জুলাই মোহনবাগান মাঠে বিকাল পাঁচটায় শুরু হবে মোহনবাগান দিবসের অনুষ্ঠান। ওই দিন সবশেষে থাকবে বিনোদন। সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী অনুপম রায় ও শৌনক চট্টোপাধ্যায়। একই দিনে বিকেলে থাকছে প্রাক্তন ফুটবলারদের একটি প্রদর্শনী ম্যাচও।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *