সাও পাওলো পুলিশ ইনভেস্টিগেটর জুলিয়ানা লোপেজ বুসাকোস প্রয়োজনীয় তথ্যপ্রমাণের অভাবে তদন্তপ্রক্রিয়া বন্ধ করে দেওয়ার বিষয়টি সম্পর্কে জানান
কে আর সি টাইমস ডেস্ক
একের পর এক বিতর্ক আর চোট নেইমার জুনিয়রের ফুটবল কেরিয়ার নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিল। নানা দিক থেকে বইতে শুরু করেছিল সমালোচনার ঝড়। অবশেষে সাও পাওলো পুলিশের একটি সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলার অবকাশ পেলেন ব্রাজিলের এই মহাতারকা। প্রয়োজনীয় তথ্যপ্রমাণের অভাবে ব্রাজিল ফুটবল তারকা নেইমারের বিরুদ্ধে ধর্ষণের তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সাও পাওলো পুলিশ।
গত মে মাসে পিএসজি তারকা নেইমারের বিরুদ্ধে প্যারিসের এক হোটেলে তাঁকে ধর্ষণের অভিযোগ আনেন ব্রাজিলিয়ান মডেল নাজিয়া ত্রিনদাদ। পুলিশি তদন্তের মুখে পড়ে প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ পত্রপাঠ খারিজ করে দেন ব্রাজিল ফুটবল তারকা। ওই মহিলা হোটেলে সাক্ষাতের পূর্বে নেইমারের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁর কথোপকথনের কথাও তুলে ধরেন এবং জানান তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন যে ১৫ মে ওই ঘটনার রিপোর্ট জানাতে তাঁর ৩১ মে অবধি সময় লেগে গিয়েছিল।
গত ২ জুন তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা দেন নেইমার। সাত মিনিটের সেই ভিডিওতে ত্রিনদাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাদের কথোপকথন ও ছবি তুলে ধরেন নেইমার। যদিও নেইমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বপক্ষে তথ্যপ্রমাণ জোগাড় করে তদন্তে নামে সাও পাওলো পুলিশ। নেইমারের জবানবন্দিও সংগ্রহ করা হয়। কিন্তু প্রায় দু’মাস সেই তদন্ত চলার পর অবশেষে তা বন্ধ করার সিদ্ধান্ত নিল পুলিশ। অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে বলা হয়েছিল, পাবলিক প্রোসিকিউটরে চলে যাওয়া নেইমারের এই মামলার মোড় ঘোরানোর জন্য হাতে ১৫ দিন সময় রয়েছে। এরপর এবিষয়ে শেষ সিদ্ধান্ত নেবেন বিচারক।
সাও পাওলো পুলিশ ইনভেস্টিগেটর জুলিয়ানা লোপেজ বুসাকোস প্রয়োজনীয় তথ্যপ্রমাণের অভাবে তদন্তপ্রক্রিয়া বন্ধ করে দেওয়ার বিষয়টি সম্পর্কে জানান। এমনকি সাও পাওলো পুলিশের ডিরেক্টর ডেভিড ফার্নান্দেজ জানিয়েছেন, ত্রিনদাদের ধর্ষণের অভিযোগ মিথ্যা ছিল কিনা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে ত্রিনদাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।


