আলিপুর আদালতে হাজিরা দিতে হবে শামিকে

< 1 - মিনিট |

শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল হাসিন জাহান

কে আর সি টাইমস ডেস্ক

ক্যারিবিয়ান সফরের মধ্যেই বড়সড় ধাক্কা খেয়েছেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি| বধূ নির্যাতনের মামলায় শামির বিরুদ্ধে শর্তসাপেক্ষে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুর আদালত| মহম্মদ শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় বিচার ব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করেছেন শামির স্ত্রী হাসিন জাহান| মঙ্গলবার হাসিন জাহান জানিয়েছেন, ‘বিচার ব্যবস্থার প্রতি আমি কৃতজ্ঞ| এক বছরেরও বেশি সময় ধরে ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি| ক্রিকেটার হওয়ায়, শামি নিজেকে ভীষণ শক্তিশালী মনে করে|’

হাসিন জাহান আরও জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে, পশ্চিমবঙ্গে নিরাপদে আমি থাকতেই পারতাম না| আমরোহা (উত্তর প্রদেশ) পুলিশ আমাকে এবং আমার মেয়েকে হয়রানি করার চেষ্টা করেছিল| ঈশ্বরের আশীর্বাদে তাঁরা সফল হয়নি|’ প্রসঙ্গত, এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে শামি| আলিপুর আদালত সূত্রের খবর, দেশে ফেরার ১৫ দিনের মধ্যেই শামিকে আদালতে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক| একইসঙ্গে তাঁর দাদা হাসিব আহমেদের বিরুদ্ধেও জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে| শামি দেশে ফেরার ১৫ দিনের মধ্যে আদালতে হাজিরা না দিলে, তখনই জারি হবে গ্রেফতারি পরোয়ানা|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *