আত্মঘাতী হয়ে মৃত্যু প্রাক্তন ভারতীয় ওপেনার বি বি চন্দ্রশেখর

< 1 - মিনিট |

চন্দ্রশেখর তামিলনাড়ু প্রিমিয়র লিগের ফ্র্যাঞ্চাইজি ভিবি কাঞ্চি বীরান্সের মালিক ছিলেন। সম্প্রতি নিজের ক্রিকেট ব্যবসায় ক্ষতির মুখ দেখতে হওয়ায় চন্দ্রশেখর মানসিক অবসাদে ভুগছিলেন।

কে আর সি টাইমস ডেস্ক

আত্মহত্যা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বি বি চন্দ্রশেখর। বৃহস্পতিবার চেন্নাইয়ে নিজের বাসভবনে পাখার সঙ্গে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। চেন্নাই পুলিশ অনুমান করছেন তিনি আত্মঘাতী হয়েছেন, তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। চন্দ্রশেখরের স্ত্রী পুলিশকে জানিয়েছেন যে, বিকাল ৫টা ৪৫ নাগাদ পরিবারের সকলের সঙ্গে চা খেয়ে বাড়ির দু’তলায় প্রাক্তন ক্রিকেটার নিজের বেডরুমে চলে যান। সন্ধ্যায় দরজায় ধাক্কা দিয়ে কোনও সাড়া না মিললে তিনি জানালায় উঁকি দিয়ে চন্দ্রশেখরকে পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি এও জানিয়েছেন যে, সম্প্রতি নিজের ক্রিকেট ব্যবসায় ক্ষতির মুখ দেখতে হওয়ায় চন্দ্রশেখর মানসিক অবসাদে ভুগছিলেন। চন্দ্রশেখর তামিলনাড়ু প্রিমিয়র লিগের ফ্র্যাঞ্চাইজি ভিবি কাঞ্চি বীরান্সের মালিক ছিলেন। এছাড়া ভিবি’স নেস্ট নামে একটি ক্রিকেট অ্যাকাডেমিও চালাতেন প্রাক্তন ভারতীয় তারকা। চন্দ্রশেখরের মরদেহ রয়াপেত্তা সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

দেশের হয়ে সাতটি এক দিনের ম্যাচও খেলেছেন চন্দ্রশেখর। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর গড় রান ছিল ৪৩.০৯। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত চন্দ্রশেখরের ঘরোয়া ক্রিকেট খেলার বিপুল অভিজ্ঞতা ছিল। ১৯৮৮ সালে তামিলনাড়ুর রঞ্জি জয়ের অন্যতম নায়ক ছিলেন চন্দ্রশেখর। শক্তিশালী উত্তরপ্রদেশের বিরুদ্ধে সেমিফাইনালে করেছিলেন ১৬০ রান। পরে তিনি জাতীয় নির্বাচক, রাজ্য দলের কোচ, ক্রিকেট প্রশাসক ও ধারাভাষ্যকার রূপেও কাজ করেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেট মহলে। বিসিসিআই থেকে শুরু করে অনিল কুম্বলে, হরভজন সিং, সুরেশ রায়না হর্ষ ভোগলে-সহ একাধিক ক্রিকেট ব্যক্তিত্ব তাঁর আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *