আগামী সাতদিন কলেজ স্কোয়ারে সাঁতার প্রশিক্ষণ বন্ধ থাকবে, খতিয়ে দেখা হবে ক্লাবগুলির পরিকাঠামো৷ তারপর সিদ্ধান্ত নেওয়া হবে, কবে থেকে চালু হবে প্রশিক্ষণ
কে আর সি টাইমস ডেস্ক
শিক্ষানবিশ সাঁতারুদের জন্য কলেজ স্কোয়ারে একটি পৃথক সুইমিং পুল তৈরির পরিকল্পনার কথা জানালেন কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার। রবিবার সকালে ১৭ বছরের শিক্ষানবিশ সাঁতারু ১৭ বছরের মহম্মদ শাহবাজের মৃত্যু হয়েছিল জলে ডুবে। কয়েক দিন আগে এই কিশোর কলকাতা বিশ্ববিদ্যালয় সুইমিং ক্লাবে ভর্তি হয়েছিল শিক্ষানবিশ হিসাবে। সেই হিসাবে তার প্রশিক্ষণ পর্ব হওয়া উচিত ছিল অগভীর জলে। কিন্তু গভীর জলে ডুবে যাওয়ার কারণেই শাহবাজের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। এরপর সুইমিং ক্লাবের কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠে আসে। শিক্ষানবিশদের কেন গভীর জলে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এ নিয়ে সরব হয় মৃতের পরিবার সহ বাকি ছাত্রদের ঘনিষ্ঠমহল থেকেও। পরিস্থিতির গুরুত্ব বিচার করে সোমবার সুইমিং ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসেন দেবাশিস কুমার। সেখানেই তিনি শিক্ষানবিশদের জন্য পৃথক সুইমিং পুল তৈরির পরিকল্পনার বিষয়টি জানান৷ পাশপাশি এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিশোরের মৃত্যুর জেরে আগামী সাতদিন কলেজ স্কোয়ারে সাঁতার প্রশিক্ষণ বন্ধ থাকবে৷ খতিয়ে দেখা হবে সেখানকার পুলগুলি ব্যবহার করা ক্লাবগুলির পরিকাঠামো৷ তারপর সিদ্ধান্ত নেওয়া হবে, কবে থেকে চালু হবে সাঁতার প্রশিক্ষণ৷
কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার জানিয়েছেন, কলকাতা বিশ্ববিদ্যালয় সুইমিং ক্লাবের শিক্ষানবিশরা চলতি বছরে আর জলে নামার অনুমতি পাবে না৷ দেবাশিসবাবু বলেন, ‘এর আগেও, কলেজ স্কয়্যারের সুইমিং পুলে মৃত্যু হয়েছে৷ ক্লাবগুলির অডিট হবে৷ দেখা হবে ক্লাবগুলি নিয়ম মেনে চলছে কিনা। আমরা ক্লাবগুলির সঙ্গে আলোচনা করলাম৷ অনেকেরই লাইফ সেভার আছে৷ পর্যাপ্ত ট্রেনার দুর্ঘটনার দিনও ছিল৷ সাঁতারু ও ট্রেনারের অনুপাতও ঠিকঠাক ছিল৷ গাইডলাইন অনুযায়ী কাজ হচ্ছে বলে অনেকেই বলেছেন৷ সব কিছুই আমরা খতিয়ে দেখব৷’
শাহবাজের জলে ঢুবে মৃত্যু সম্পর্কে দেবাশিস কুমার বলেন, ‘একটা ছেলে জোর করে জলে নেমে গিয়েছে বলে সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে৷ তার নামার কথা নয়৷ ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র তিনদিন হল সাঁতার শিখছে৷ সে চলে যাওয়ার পিছনে নিশ্চয়ই ক্লাবের দোষ আছে৷ তাদের নজর রাখার প্রয়োজন ছিল, যাতে কোনও শিক্ষানবিশ গভীর জলে না চলে যায়। ক্লাবের বক্তব্য, পর্যাপ্ত ট্রেনার ছিল৷ আমরা রেজিস্ট্রার খতিয়ে দেখেছি যে তারা ঠিকই বলেছে৷’ সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের তরফে শিক্ষানবিশদের জন্য কয়েকটি পৃথক সুইমিং পুল রয়েছে৷ আগামী সেশনের আগে সবকটি জায়গায় বিশেষত কলেজ স্কয়্যারে শিক্ষানবিশদের জন্য এরকম পৃথক সুইমিং পুল করার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷


