দক্ষিণ অসমে কৃষিভিত্তিক শিল্পের নতুন সম্ভাবনা, পঞ্চগ্রামে ১০১ কোটি টাকার পাম অয়েল কারখানা

2 - মিনিট |

কাছাড়ে ৩৫ একর জমি বরাদ্দের সিদ্ধান্ত, তিনসুকিয়ায় আরও ১৫১ কোটি টাকার শিল্প বিনিয়োগে অনুমোদন; আসামে নতুন দুই সংরক্ষিত বনাঞ্চলও গড়ছে সরকার

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর:দক্ষিণ অসমের শিল্প মানচিত্রে নতুন সংযোজন হতে চলেছে পাম অয়েল প্রক্রিয়াকরণ শিল্প। কাছাড় জেলার পঞ্চগ্রামে ১০১ কোটি টাকা বিনিয়োগে কারখানা গড়ার প্রস্তাবে অনুমোদন দিল আসাম মন্ত্রিসভা। প্রকল্পের জন্য ৩৫ একর জমি বরাদ্দ করা হবে। কৃষিভিত্তিক উৎপাদনকে শিল্পের সঙ্গে যুক্ত করে দক্ষিণ অসমে নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্র তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই সিদ্ধান্তের কথা জানান। গোদরেজের প্রস্তাবিত এই কারখানা চালু হলে কাছাড়ে পাম অয়েল প্রক্রিয়াকরণের পরিকাঠামো গড়ে উঠবে। তবে প্রকল্পটি কত মানুষের কর্মসংস্থান তৈরি করবে এবং স্থানীয় কৃষকরা কীভাবে এর সুফল পাবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কাছাড়ের পাশাপাশি উজান অসমেও শিল্প বিনিয়োগের নতুন প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তিনসুকিয়ার গেলাপুখুরি শিল্পাঞ্চলে একাধিক উৎপাদন ইউনিট স্থাপনের জন্য গ্যাংওয়াল হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড ১৫১ কোটি টাকা বিনিয়োগ করবে। সেখানে ওষুধ ও রাসায়নিক পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দুই প্রকল্প মিলিয়ে রাজ্যে মোট ২৫২ কোটি টাকার নতুন শিল্প বিনিয়োগের পথ খুলল।

পরিবেশ সংরক্ষণে নতুন উদ্যোগ

শিল্প বিনিয়োগের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। নগাঁও জেলার পুরাচাপরিতে ১২.৪৯ হেক্টর এবং লামডিংয়ের নোখুটি-নংতে এলাকায় ৫.৬ হেক্টর জমিকে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে গড়ে তোলার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, পুরাচাপরির ১২.৪৯ হেক্টর জমি ইতিমধ্যেই জবরদখলমুক্ত করা হয়েছে। নতুন সংরক্ষিত বনাঞ্চল ঘোষণার মাধ্যমে এই এলাকাগুলির পরিবেশগত গুরুত্ব বজায় রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মেধাবী পড়ুয়াদের জন্য ১৪৫ কোটি

শিক্ষাক্ষেত্রেও বড় অঙ্কের অর্থ বরাদ্দ করেছে মন্ত্রিসভা। পরীক্ষায় ৮০ শতাংশের বেশি নম্বর পাওয়া ১৭,৫২৬ জন পড়ুয়াকে স্কুটার দেওয়ার জন্য ১৪৫ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। উচ্চশিক্ষায় পড়ুয়াদের উৎসাহিত করা এবং তাঁদের যাতায়াতের সুবিধা বাড়ানো এই প্রকল্পের উদ্দেশ্য।

ব্রহ্মপুত্রে জলপথ পরিবহণে জোর

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বগিবিলের সামনে ৬০ বিঘা জমি ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই জমিতে একটি টার্মিনাল নির্মাণ করা হবে। এর মাধ্যমে ব্রহ্মপুত্রকে কেন্দ্র করে জলপথে পণ্য পরিবহণ ও যোগাযোগের পরিকাঠামো আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া দরং জেলার খারুপেটিয়ায় স্কুল, ছাত্রাবাস ও আবাসিক পরিকাঠামো নির্মাণের জন্য ৫০ বিঘা জমি বরাদ্দের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

নগর প্রশাসনের ক্ষেত্রেও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১টি ওয়ার্ড নিয়ে দলগাঁওয়ে নতুন পুরসভা এবং যোরহাট জেলার বরহোলায় আরেকটি পুরসভা গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। বৃহত্তর গুয়াহাটির পরিকল্পিত সম্প্রসারণের জন্য প্রস্তাবিত গুয়াহাটি স্যাটেলাইট সিটির সীমানাও চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি তেজপুর, ঢেকিয়াজুলি, বোকাখাত ও মার্ঘেরিটার পুরসভাগুলির সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রিসভার এই সিদ্ধান্তগুলির মধ্যে পঞ্চগ্রামের প্রকল্পটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, দক্ষিণ অসমে কৃষিভিত্তিক শিল্পের পরিসর বাড়ানোর ক্ষেত্রে এটি নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে বিনিয়োগের ঘোষণার পাশাপাশি স্থানীয় কৃষকদের অংশগ্রহণ, কর্মসংস্থান এবং প্রকল্পের বাস্তবায়নই শেষ পর্যন্ত এই উদ্যোগের সাফল্য নির্ধারণ করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *