নথির অপেক্ষায় তাপসের বিশ্ব রের্কড গড়ার স্বপ্ন
কে আর সি টাইমস ডেস্ক
স্টেপল পিন দিয়ে চেন বানিয়ে তাক লাগিয় দিয়েছেন ধুপগুড়ি যুবক তাপস রায়। তাঁর দাবি স্টেপল পিন দিয়ে এটাই বিশ্বের সর্ববৃহৎ চেইন। এই মুহুর্তে তাঁর লক্ষ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা এবং ভারতের পতাকাকে বিশ্বের দরবারে আরও উঁচুতে স্থান করে দেওয়া।
এর আগে স্টেপল পিন দিয়ে চেন বানিয়ে গিনেস বুকে নাম তুলেছিলেন নদিয়া জেলার শান্তিপুরের যুবক অনুপম সরকার। সংবাদ মাধ্যমে এই ঘটনা নজরে আসার পরই ধুপগুড়ি পুরসভার এলাকার ২ নং ওয়ার্ডের বাসিন্দা তাপস রায় নিজেও শুরু করেন এই চেন তৈরির কাজ। প্রথম থেকই তাঁর লক্ষ্য ছিল অনুপমের রেকর্ড ভেঙে দিয়ে সেই জায়গায় নিজের নাম তোলা। তাপস কেআরসিটাইমসের প্রতিনিধিকে বলেন, প্রায় ৮০ দিন সময় লেগেছে ১৯৭৫ ফুটের এই চেন তৈরি করতে। এই চেন তৈরি করা হয়েছে ৮০ বাক্স স্টেপল পিন দিয়ে, যাতে ৮০ হাজার পিন রয়েছে। পাশপাশি ধুপগুড়ির এই যুবক জানিয়েছেন, গিনেস বুকে নাম তুলতে ইতিমধ্যেই তিনি আবেদন জানিয়েছেন।
গিনেস বুক কর্তৃপক্ষ তাঁকে কিছু নথি জমা করতে বলেছে। যা সংগ্রহ করার জন্য তাপস এখন রীতিমতো হিমশিম খাচ্ছেন। তাপসের কথায়, ‘সরকারি আমলার উপস্থিতিতে সার্ভেয়ার ইঞ্জিনিয়ার দিয়ে চেনটির দৈর্ঘ্য মাপাতে হবে এবং সেটা দেখিয়ে হস্তশিল্প আধিকারিকের কাছ থেকে প্রয়োজনীয় শংসাপত্রের ব্যবস্থা করতে হবে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অসহযোগিতায় কাজের কাজটি আর হয়ে উঠছে না। শুধু ঘুরেই চলেছি।’
উল্লখ্য, ধুপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয় থেকে স্নাতক উর্ত্তীন হয়ে তাপস বাবার সঙ্গে শুরু করেছিলেন কৃষিকাজ। সংবাদমাধ্যম বা সংবাদ পত্রে বিভিন্ন রেকর্ড সম্পর্কিত খবর তাঁকে উৎসাহ যোগাত এই কাজে। নিজের রেকর্ডকে বাস্তাবায়িত করতে নদিয়ার শান্তিপুরের রেকর্ডধারী অনুপমের সঙ্গে যোগাযোগ করেন তাপস। সেখান থেকেও যথেষ্ট সহযোগিতা মিলেছে বলে জানিয়েছেন ধুপগুড়ির যুবক। এই মুহূর্তে শুধুমাত্র কিছু নথির অপেক্ষায় তাপসের বিশ্ব রের্কড গড়ার স্বপ্ন।


