‘হাতি দু’টি বসতি এলাকায় ঢুকে তাণ্ডব চালানোর মতো কোনও ঘটনা ঘটায়নি
কে আর সি টাইমস ডেস্ক
মানুষ নয় বলে কি তাদের শহর দেখার শখ হতে পারে না! মানুষের যদি জঙ্গলে ঘোরার শখ হতে পারে, তাহলে হাতিরও তো শহর দেখার ইচ্ছে জাগতে পারে! বাঁকুড়ার জঙ্গল ছেড়ে বুধবার সাত সকলে পূর্ব বর্ধমানের গলসির সিমনোড়ি গ্রামে ঢুকে খোশমেজজাজে বিচরণ শুরু করল দু ‘টি হাতি। আর তাদের দর্শনের পর আতঙ্ক ছড়াল গ্রামজুড়ে। গ্রামবাসী মোর্তোজা মণ্ডল জানিয়েছেন, ‘হাতি দু’টি বসতি এলাকায় ঢুকে তাণ্ডব চালানোর মতো কোনও ঘটনা ঘটায়নি। তবে চাষ জমির উপর দিয়ে হেঁটে যাবার কারণে জমিতে রোয়া ধান গাছ কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্থ হয়েছে।’ জানা গিয়েছে, পুলিশ ও বনদফতরের কর্মীরা সারাদিন হাতির গতিবিধির উপর নজর রেখে চলেছেন। তাঁদের মত, সম্ভবত দলছুট হয়েই হাতিদুটি গলসিতে চলে এসেছে।
বনকর্মীরা জানিয়েছেন, সিমনোড়ী গ্রামে থাকা গাছপালা ভেঙে মধ্যাহ্নভোজন সারার পর বিকেলের দিকে হাতি দু’টি ডিভিসি সেচ ক্যানেল পেরিয়ে বেতালবন এলাকায় পা রাখে। সন্ধ্যা পর্যন্ত সেই জায়গাতেই থাকে হাতি দু’টি। উৎসুক মানুষজন হাতি দেখতে ভিড় জমান বেতালবন ও ডিভিসির পাড়ে। সারাদিন হাতির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। রাতে মশাল জ্বালিয়ে তাদের বাঁকুড়ার জঙ্গলে ফেরৎ পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।


