আবার ভারতের হেড কোচের ভূমিকায় শাস্ত্রী

2 - মিনিট |

কোচ হিসেবে শাস্ত্রীর প্রতি তাঁর সমর্থনের কথা জানিয়ে দেন ক্যাপ্টেন কোহলি৷ সম্প্রতি কলকাতায় এসে সিএসি কমিটির অন্যতম সদস্য কপিল বলেন, কোহালির বক্তব্যকেও গুরুত্ব দেওয়া উচিত।

কে আর সি টাইমস ডেস্ক

আবার ভারতীয় ডেসিংরুমে শোনা যাবে শাস্ত্রী মন্ত্র!  সেই মন্ত্র বিফলে গেলেও কারোর কিছু আসবে যাবে না৷ কারণ ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির তিন সদস্য কপিল দেব, অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গস্বামী শুক্রবার মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সদর দফতরে সেই শাস্ত্রীকেই বিরাট-রোহিতদের হেড কোচ বেছে নেয়৷

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ পদপ্রার্থী ছ’জনের সাক্ষাৎকার নেয়। তিন সদস্যের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি৷ জাতীয় নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদের উপস্থিতিতে বিরাট কোহলিদের পরবর্তী কোচ বেছে নেন কপিল-অংশুমানরা৷ সাক্ষাৎকার দেওয়ার জন্য এদিন সকালে বিসিসিআই হেড-কোয়ার্টার ক্রিকেট সেন্টারে উপস্থিত হয়েছিলন মাইক হেসেন, রবিন সিং, লালচাঁদ রাজপুত৷ আর অস্ট্রেলিয়া থেকে স্কাইপিতে ইন্টারভিউ নেওয়া হয় টম মুডি’৷ এদিন ইন্টারভিউ শুরুর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে টিম ইন্ডিয়ার কোচের রেস থেকে সরে দাঁড়ান টি-২০ বিশ্বকাপ জয়ী প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স৷

সদ্যসমাপ্ত ২০১৯ বিশ্বকাপের পরই শাস্ত্রী-সহ সহকারী কোচের মেয়াদ শেষ হয়ে যায়৷ কিন্তু তড়িঘড়ি কাউকে দায়িত্ব দেওয়া সম্ভব নয় বলে ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত শাস্ত্রী ও তাঁর সহকারীদের হাতেই বিরাটদের কোচের দায়িত্ব রেখে দেয় বোর্ড৷ অর্থাৎ ক্যারিবিয়ান সফরের পরেই বিরাটদের নতুন কোচ ঘোষণা করবে বিসিসিআই৷ ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পরই অনিল কুম্বলের উত্তরসূরি হিসেবে প্রধান কোচের দায়িত্ব নেন শাস্ত্রী৷ কিন্তু শাস্ত্রীর কোচিংয়ে সদ্যসমাপ্ত বিশ্বকাপের সেমিফাইনালে থেমে যায় ভারতের দৌড়৷ তবুও শাস্ত্রীর হয়েই কথা বলেন ক্যাপ্টেন কোহলি৷

ওয়েস্ট ইন্ডিজ সফরে বিমান ধরার আগে বিরাট বলেন, ‘তাঁর সঙ্গে শাস্ত্রীর বোঝাপড়া ভালো।’ অর্থাৎ কোচ হিসেবে শাস্ত্রীর প্রতি তাঁর সমর্থনের কথা জানিয়ে দেন ক্যাপ্টেন কোহলি৷ সম্প্রতি কলকাতায় এসে সিএসি কমিটির অন্যতম সদস্য কপিল বলেন, কোহালির বক্তব্যকেও গুরুত্ব দেওয়া উচিত। আর এই মুহূর্তে বিরাটদের সঙ্গে ক্যারিবিয়ান সফরে থাকা শাস্ত্রীর ইন্টারভিউ নেওয়া হয় স্কাইপি-এর মাধ্যমে৷ তার পরই ৫৭ বছরের প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যানে নামে সিলমোহর দেয় ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি৷

২০২১-এর নভেম্বর পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব সামলাবেন শাস্ত্রী৷ এর মধ্যে বড় ইভেন্ট আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ৷ পরের বছর অর্থাৎ ২০২১-এ ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত মেন ইন ব্লু’র প্রধান কোচ থাকবেন শাস্ত্রী৷ ক্যারিবিয়ান সফরের শেষে অর্থাৎ ঘরেরে মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে ‘মেন ইন ব্লু’-র প্রধান কোচ হিসেবে দ্বিতীয় অধ্যায় শুরু করবেন শাস্ত্রী৷ তার আগে অবশ্য শাস্ত্রীর সহকারীদের বেছে নেওয়া হবে৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *