মায়ের জন্মদিনে মেয়ের উপহার স্বরুপ বিশ্ব চ্যাম্পিয়নের সোনা
কে আর সি টাইমস ডেস্ক
পিভি সিন্ধু প্রথম ভারতীয় যে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করেছেন। ইতিহাস গড়লেন মাত্র ৩৭ মিনিটে। তারপরেই চোখ ভরে যায় আনন্দঅশ্রুতে। পোডিয়ামে যখন গলায় ঝুলল সোনার পদক আর বেজে উঠল জনগণমনঅধি… গর্বে বুক ভরে গেল দেশবাসীর। এর আগে তিনি বার বার ফাইনালে পৌঁছেও সোনার স্বাদ পাননি। সেই জন্য অনেকেই তাঁকে চোকার উপাধি দিয়েছেন। এবার সেই তকমা মুছে ফেডারের জন্মস্থানে নবজন্ম পেল সোনার সিন্ধু।
এক নজরে বিশ্ব ব্যাটমিন্টন চ্যাম্পিয়নশিপের ফলাফল
একই মঞ্চেই বিশ্বজয়ী ১.মেয়েদের প্যারা ইভেন্টে পথ দুর্ঘটনায় পা হারানো সোনা জয়ী মানসী গিরিশচন্দ্র যোশী
২. ছেলেদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী প্রণীত
৩. ছেলেদের প্যারা বিভাগে ব্রোঞ্জজয়ী সুকান্ত কদম

রবিবার নোজোমি ওকুহারাকে ধরাশায়ী করে ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বসেরা হলেন ভারতীয় শাটলার সিন্ধু৷ তাঁর এই জয়ের পর সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ এদিন রাষ্ট্রপতি টুইটারে অভিনন্দন জানিয়ে লেখেন, গোটা দেশের কাছে এটা গর্বের মুহূর্ত৷ এদিন সুদূর বাহারিন থেকে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় শাটলার পিভি সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও| টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘পিভি সিন্ধু ফের ভারতকে গর্বিত করলেন৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের জন্য অভিনন্দন তাঁকে ৷ তিনি যে আবেগ ও মায়ের জন্য জয় উৎসর্গ করেছেন ব্যাডমিন্টনকে, তা অনুসরণ করা উচিত৷ অনুপ্রেরণামূলক৷ পিভি সিন্ধুর সাফল্য নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে৷’’
ব্যাডমিন্টনে প্রথম কোনও বিশ্ব চ্যাম্পিয়ন পেল ভারত। রবিবার বাসেলে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে জাপানের ওকুহারাকে হারিয়ে সোনা জিতে নিলেন হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকা। একপেশে ফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেললেন সিন্ধু। নোজোমি ওকুহারাকে তিনি হারালেন ২১-৭, ২১-৭-এ। প্রথম গেম জেতার পর দ্বিতীয় গেমে ১১-৪-এ এগিয়ে যাওয়ার পর থেকেই ‘সিন্ধু সিন্ধু’ স্লোগানে ভরে যায় স্টেডিয়াম। ম্যাচ পকেটে পুরতে আর কোনও বেগ পেতে হয়নি তাঁকে।
এই নিয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপে মোট পাঁচটি পদক জিতলেন সিন্ধু৷ ২০১৩ ও ২০১৪ সালে পর পর দু’বার বিডব্লুএফ বিশ্বচ্যাম্পিয়নশিপের মহিলা সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি৷ ২০১৭ ও ২০১৮ সালে পর পর দু’বার রুপোর পদক গলায় ঝোলান ভারতীয় তারকা৷ এবার প্রথম ভারতীয় হিসাবে বিশ্বচ্যাম্পিয়নশিপের সোনার পদক জিতলেন সিন্ধু৷
এদিন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর কোচ পুলেল্লা গোপীচাঁদকে ধন্যবাদ জানিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনার পদক নিজের মা-কে উৎসর্গ করলেন পিভি সিন্ধু। তিনি বলেন, “ভারতীয় হিসেবে আমি গর্বিত। আজ মায়ের জন্মদিন। এই পদক তাঁকেই উৎসর্গ করলাম।”
পিভি সিন্ধুকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকাকে অভিনন্দন জানিয়ে টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব ব্যাডমিন্টন খেতাব জেতার জন্য পিভি সিন্ধুকে অভিনন্দন। সারা দেশ আজ তোমার কৃতিত্বে গর্বিত। জিততে থাকো


