সেরা ফুটবলারের পাশাপাশি সেরা কোচের দৌড়ে রয়েছেন তিন প্রিমিয়র লিগের কোচ। তালিকায় রয়েছেন লিভারপুলকে ইউরোপ সেরা করা জুর্গেন ক্লপ
কে আর সি টাইমস ডেস্ক
ইউরোপের গন্ডি ছাড়িয়ে ফিফার দ্য বেস্ট’র ফাইনাল ল্যাপেও পৌঁছে গেলেন ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডিক। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গেই ২০১৯ ফিফার বর্ষসেরা ফুটবলারের দৌড়ে সামিল হলেন অলরেড’সের এই সেন্টার ব্যাক।
লিভারপুলের হয়ে গত মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। মোনাকোয় মেসি-রোনাল্ডোকে টপকে উয়েফা বর্ষসেরা ফুটবলারের সম্মান উঠেছে জুর্গেন ক্লপের অন্যতম প্রিয় ছাত্র ভ্যান ডিকের হাতে।
উল্লেখ্য, গত মরশুমে বার্সেলোনার জার্সি গায়ে ৫০ ম্যাচে ৫১ গোল এসেছিল লিও মেসির পা থেকে। পাশাপাশি কাতালান ক্লাবের লা-লিগা খেতাব জয়ে সিংহভাগ ভূমিকা ছিল আর্জেন্তাইন সুপারস্টারের। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন নতুন ক্লাব জুভেন্তাসের সিরি-‘এ’ খেতাব জয়ে। একইসঙ্গে দেশের জার্সিতে জয় করেছেন উয়েফা নেশনস লিগ। বর্ষসেরা ফুটবলার হিসেবে বিগত বছরগুলোর মত তালিকায় স্বাভাবিকভাবেই রয়েছে দুই মহাতারকার নাম। পাশাপাশি তৃতীয় ফুটবলার হিসেবে এবার বর্ষসেরার দৌড়ে জায়গা করে নিলেন ২০১৮-১৯ লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম নায়ক ভ্যান ডিক।
মেসি-রোনাল্ডোকে টপকে ২০১৮ ফিফার বর্ষসেরার সম্মান ছিনিয়ে নিয়েছিলেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। বিশ্বকাপ ও রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৭-১৮ চ্যম্পিয়ন্স লিগে অনবদ্য পারফরম্যান্সের পুরস্কার পেয়েছিলেন তিনি। তবে চলতি বছর প্রথম দশেও জায়গা করে নিতে পারেননি তিনি। চূড়ান্ত তিন ফুটবলারের মধ্যে থেকে আগামী ২৩ সেপ্টেম্বর ঘোষিত হবে বর্ষসেরার নাম।
সেরা ফুটবলারের পাশাপাশি সেরা কোচের দৌড়ে রয়েছেন তিন প্রিমিয়র লিগের কোচ। তালিকায় রয়েছেন লিভারপুলকে ইউরোপ সেরা করা জুর্গেন ক্লপ, গত মরশুমে ম্যাঞ্চেস্টার সিটিকে ত্রিমুকুট দেওয়া পেপ গুয়ার্দিওলা ও টটেনহ্যাম কোচ মৌরিসিও পোচেত্তিনো। সেরা গোলরক্ষকের দৌড়ে লিভারপুলের অ্যালিসন বেকারের সঙ্গে রয়েছেন ম্যান সিটির এডেরসন ও বার্সেলোনার টার স্টিগেন। সতীর্থ অ্যালেক্স মরগ্যান, ইংরেজ ফরোয়ার্ড লুসি ব্রোঞ্জের সঙ্গে বর্ষসেরা মহিলা ফুটবলার হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন যুক্তরাষ্ট্রের মেগান র্যাপিনো।


