পরিবহনের টিকিট কাটতে হবে সংশ্লিষ্ট সংস্থার কাউন্টার থেকে বা অনলাইনে । কোনও ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কাটলে সেই পয়সা সরকার দেবে না ।
কে আর সি টাইমস ডেস্ক
সরকারি কর্মচারিদের এলটিসির ক্ষেত্রে এবার থেকে শুধুমাত্র যাতায়াতের ভাড়া দেবে রাজ্য সরকার । শুক্রবার নবান্ন থেকে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে , লিভ ট্রাভেল কনসেশন তথা এলটিসির জন্য আর পুরো বেড়ানোর খরচ পাবেন না সরকারি কর্মচারিরা । হিসেব পরিষ্কার রাখতে সরকারি কর্মচারিদের কী কী করতে হবে, তাও বলে দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে ।
চার বছর অন্তর একবার করে সরকারি কর্মচারিদের বেড়াতে যাওয়ার টাকা দেয় রাজ্য সরকার । সে প্রতিবেশী দেশে হোক বা দেশের মধ্যে কোনও জায়গা । নিয়ম হচ্ছে, প্লেন, ট্রেন বা বাসে যাতায়াতের খরচ দেবে সরকার । বাকি আর কিছু নয় । কিন্তু অর্থ দফতরের নজরে আসে বিপুল পরিমাণ টাকা চলে যাচ্ছে এলটিসিতে । দেখা যাচ্ছে, ঘুরে এসে কর্মচারিরা পুরো প্যাকেজ বিল ধরিয়ে দিচ্ছেন সরকারকে । তার মধ্যে ঢুকে যাচ্ছে হোটেল ভাড়া এবং খাওয়া দাওয়ার খরচও। ঠিক এখানেই রাশ টানল নবান্ন ।
শুক্রবার নির্দেশিকা জারি করে নবান্নের তরফে স্পষ্ট করে এলটিসির ব্যাপারে বলে দেওয়া হয়েছে সরকার শুধু যাতায়াতের খরচ দেবে । সেই টিকিট বিমান, ট্রেন বা বাস যা কিছু হতে পারে । পরিবহনের টিকিট কাটতে হবে সংশ্লিষ্ট সংস্থার কাউন্টার থেকে বা অনলাইনে । কোনও ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কাটলে সেই পয়সা সরকার দেবে না । টিকিটের ফটোকপি আগে জমা দিতে হবে সরকারকে । নাহলে আটকে যাবে টাকা । কোনও প্যাকেজ সিস্টেমের বিল সরকার গ্রহণ করবে না ।


