শুধু বিশ্বকাপ নয়, চার নম্বর পজিশনটা নিয়ে আমাদের চিন্তা রয়ে গিয়েছে : বিক্রম রাঠোর
কে আর সি টাইমস ডেস্ক
সঞ্জয় বাঙ্গারের উত্তরসূরি হিসেবে বিরাট-রোহিতের ব্যাটিংয়ের কোচের দায়িত্ব নিতে চলেছেন বিক্রম রাঠোর ৷ কিন্তু দায়িত্ব নেওয়ার আগেই ভারতীয় ব্যাটিংয়ের চার নম্বরের সমাধান বলে দিলেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ৷ ক্যারিবিয়ান সফর শেষ হওয়ার পরই চাকরি গিয়েছে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বাঙ্গারের ৷ তাঁর জায়গা আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই বিরাটদের ব্যাটিং কোচের দায়িত্ব নিতে চলেছেন রাঠোর ৷
২০১৯ বিশ্বকাপে চার নম্বরের জন্য ভুগেছে টিম কোহলি৷ নির্বাচকদের অজ্ঞতায় বিশ্বকাপের দলে ছিলেন তিনজন উইকেটকিপার ব্যাটসম্যান ৷ বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে তিন উইকেটকিপারকে খেলিয়েছে ভারত ৷ কিন্তু চার নম্বরের ব্যাটিং পজিশনের সমস্যার সমাধান হয়নি ৷ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বিরাটবাহিনী ৷
শুক্রবার বিসিসিআই টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে বিরাটদের নয়া ব্যাটিং কোচ বলেন, ‘শুধু বিশ্বকাপ নয়, চার নম্বর পজিশনটা নিয়ে আমাদের চিন্তা রয়ে গিয়েছে৷ একদিনের ক্রিকেটে মিডল-অর্ডারে আমাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে ৷ শ্রেয়স আইয়ার শেষ কয়েকটি ম্যাচে ভালো খেলেছে ৷ তার আগে মণীশ পান্ডেও খারাপ খেলেনি৷ এছাড়া এই দু’জন ভারত-এ এবং ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছে ৷ আমার মনে হয়, এই দু’জনে মিডল-অর্ডারে ভাবা যেতে পারে৷ তবে ওদের সুযোগ দিতে হবে ৷ ওদের ঠিক প্রস্তুতি হওয়া দরকার৷ যাতে ভবিষ্যতে আমাদের ব্যাটিংয়ের সম্পদ উঠতে পারে ৷’


