বরপেটায় ৯৬ কোটি টাকা ব্যয়সাপেক্ষে বরপেটা-বাঘবর সড়কের শিলান্যাস কেন্দ্ৰীয় মন্ত্ৰী রামদাস আঠাওয়ালের
কে আর সি টাইমস ডেস্ক
কেন্দ্র ও রাজ্যের বৰ্তমান বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার জনতার কল্যাণে বিস্তর কাজ করছে। জনতার কাজ করার প্ৰতি সরকার দায়বদ্ধ। বলেছেন রিপাবলিকান পাৰ্টি অব ইন্ডিয়া (এ)-র জাতীয় সভাপতি তথা কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও সবলীকরণ দফতরের মন্ত্ৰী রামদাস আঠাওয়ালে। সোমবার বরপেটা বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলারমাঠে আয়োজিত এক প্রকাশ্য সমাবেশে ভাষণ দিচ্ছিলেন কেন্দ্ৰীয় মন্ত্ৰী৷
বরপেটায় ৯৬ কোটি টাকা ব্যয়সাপেক্ষে বরপেটা-বাঘবর সড়কের শিলান্যাস করেছেন কেন্দ্ৰীয় মন্ত্ৰী রামদাস আঠাওয়ালে। আজ বেলা প্রায় ১২:৩০ মিনিটে শহরে এসে বরপেটা থেকে বাঘবর পর্যন্ত প্রস্তাবিত নতুন সড়কের শিলান্যাস করে আয়োজিত সমাবেশে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, কেন্দ্ৰীয় সরকার পূর্ত ও জাতীয় সড়ক উন্নয়নের জন্য ১১.৫৫ লক্ষ কোটি টাকার কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে। দেশের সর্বস্তরের জনসাধারণের আরও আস্থা ও বিশ্বাসে উন্নয়ন আরও দ্ৰুততর হবে বলে গুরুত্বপূৰ্ণ মন্তব্য করেন কেন্দ্ৰীয় মন্ত্ৰী আঠাওয়ালে।
আজকের সমাবেশে অযোধ্যায় রামজন্মভূমি সংক্রান্ত সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, এই রায়ের মাধ্যমে হিন্দু ও মুসলমান উভয় পক্ষই ন্যায় লাভ করেছে৷ ‘‘দীৰ্ঘদিনের বিবদমান ধৰ্মীয় মামলার নিষ্পত্তি হওয়ায় এবার সব ধৰ্মের মানুষকে মিলেমিশে সম্প্ৰীতির মাধ্যমে দেশকে এগিয়ে যাওয়া উচিত,’’ বলেন আঠাওয়ালে। সমাবেশে বিজেপি-র প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাস, জেলাশাসক মুনীন্দ্ৰ শৰ্মা, বরপেটার বিধায়ক গুণীন্দ্ৰনাথ দাস, বাঘবরের বিধায়ক শেরমান আলি আহমেদ, জনিয়ার বিধায়ক রফিকুল ইসলাম, আরপিআই দলের প্রদেশ সাধারণ সম্পাদক (প্ৰশাসন) তথা বরপেটা জেলা সমিতির সভাপতি রেজাউল করিম-সহ বেশ কয়েকজন নেতা এবং প্রায় তিন হাজার জনতা উপস্থিত ছিলেন৷


