মাঠে মরশুমের প্রথম রঞ্জি ম্যাচে মাঠে নামতে পারছেন না বাংলার এক নম্বর বোলার অশোক দিন্দা৷
কে আর সি টাইমস ডেস্ক
শৃঙ্খলাভঙ্গের কারণে ঘরের মাঠে মরশুমের প্রথম রঞ্জি ম্যাচে মাঠে নামতে পারছেন না বাংলার এক নম্বর বোলার অশোক দিন্দা৷ বুধবার থেকে ইডেনে অন্ধপ্রদেশের বিরুদ্ধে খেলতে নামছে অভিমন্যু ঈশ্বরনের বাংলা৷ শৃঙ্খলাভঙ্গের কারণে দিন্দার বাদ পড়াটা নতুন নয়। এর আগেও এমনটা ঘটেছে৷ সূত্রের খবর, মঙ্গলবার প্র্যাকটিসের পর ড্রেসিংরুমে টিম মিটিংয়ের শেষে বোলিং কোচ রণদেব বসুর সঙ্গে উত্তেজিত বাক্যবিনিময় হয় দিন্দার। এ নিয়ে সন্ধ্যায় বৈঠকে করে দিন্দাকে এই ম্যাচ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ রণদেবের সঙ্গে দিন্দার ঝামেলায় জড়িয়ে পড়া নতুন নয়৷ অতীতেও বাংলার হয়ে খেলার সময়ও দিন্দা ও রণদেবের মধ্যে কথা কাটাকাটি হয়েছে৷ ১১৬টি প্রথমশ্রেণির ম্যাচে ৪২০টি উইকেট নেওয়া বাংলার অভিজ্ঞ পেসার দিন্দা এবার দলের বোলিং কোচ রণদেবের সঙ্গে সংযত ব্যবহার না করায় বিষয়টি ভালোভাবে নেয়নি সিএবি-র শৃঙ্খলারক্ষা কমিটি৷ দিন্দার অনুপস্থিতিতে বাংলার পেস বোলিংকে নেতৃত্ব দেবেন ঈশান। তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স দুরন্ত। দেওধর ট্রফির ফাইনালে পাঁচ উইকেট নিয়েছেন ঈশান। সদ্য আইপিএল নিলামে তাঁকে ২০ লক্ষ টাকায় কিনেছে কিংস ইলেভেন পঞ্জাব। প্রথম ম্যাচে কেরলের বিরুদ্ধে জিতে রঞ্জি অভিযান শুরু করেছে বাংলা৷


