ছুরিকাঘাতে মৃত্যু হলো স্বরবিন্দু বৈষ্ণব নামে এক ব্যক্তির, ভূমি কেন্দ্রিক বিবাদের ভয়ানক পরিণতি
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : রাতে শিলচর তারাপুর মালিনীবিল এলাকায় সংঘটিত হয়েছে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। স্বরবিন্দু বৈষ্ণব নামে একজন ব্যক্তিকে রাস্তায় ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ রাহুল বৈষ্ণব, সমিরণ বৈষ্ণব এবং রবীন্দ্র বৈষ্ণব নামে তিন যুবকের বিরুদ্ধে।
মৃত স্বরবিন্দু বৈষ্ণবের স্ত্রী অভিযোগ করেন, বহুদিন ধরেই প্রতিবেশী রাহুল, সমিরণ ও রবীন্দ্র বৈষ্ণব তাঁদের জমি দখল করার জন্য চক্রান্ত করে আসছিল। বারবার চেষ্টা করা হয়েছে তাঁদের উচ্ছেদ করে জমি দখল করার। অভিযুক্তরা তাঁদের নানা ভাবে হেনস্থা করেছে বলে অভিযোগ।
এই ঘটনার জেরে সম্প্রতি স্বরবিন্দু বৈষ্ণব স্থানীয় থানায় একটি অভিযোগও দায়ের করেছিলেন। গতরাতে ওই মামলার তদন্তের জন্য পুলিশ তাঁকে থানায় ডাকলে, থানায় যাওয়ার সময় পথেই তাঁকে আটক করে রাহুল, সমিরণ ও রবীন্দ্র বৈষ্ণব দলবদ্ধভাবে ছুরিকাঘাত করে হত্যা করে বলে অভিযোগ মৃত ব্যক্তির স্ত্রীর।
ঘটনার পর তারাপুর থানায় রাহুল, সমিরণ ও রবীন্দ্র বৈষ্ণবসহ আরও কয়েকজনের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের করেছেন স্বরবিন্দু বৈষ্ণবের স্ত্রী।
Promotional | Subscribe KRC TIMES e-copy



