মুখ্যমন্ত্রী আসামে বিভাজন সৃষ্টি করছেন – সুস্মিতা দেব

< 1 - মিনিট |

বিজেপির পথকে সমর্থন করবে না তৃণমূল কংগ্রেস, কারণ শাসক দলের মধ্যে রয়েছে বাঙালি-বিরোধী মানসিকতা

অজিত দাস

শিলচর : সাংসদ সুস্মিতা দেবকে অতিথি আখ্যা দিয়ে বরাকের হিন্দু বাঙালিরা বর্তমানে সুরক্ষিত— মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার এমন মন্তব্যের তীব্র জবাব দিলেন সুস্মিতা দেব। বুধবার শিলচরে এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন— মুখ্যমন্ত্রী আসামে বিভাজন সৃষ্টি করছেন। একইসঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন— হিন্দু বাঙালিরা সরে দাঁড়ালেই ভেঙে পড়বে বিজেপির শক্তি।

দু’দিনের সফরে শিলচরে এসে দুটি মূর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাংসদ সুস্মিতা দেবকে ‘অতিথি’ বলে আখ্যা দেওয়ার পাশাপাশি অভিযোগ করেন— সুস্মিতা দেব হিন্দুদের মধ্যে বিভাজনের রাজনীতি করছেন। একইসঙ্গে তিনি দাবি করেন— বরাকের হিন্দু বাঙালিরা বর্তমানে সুরক্ষিত।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা দিতে শিলচরে সাংবাদিক বৈঠক ডেকে সরাসরি আক্রমণ দাগলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি অভিযোগ করেন— আসামে বিভাজনের রাজনীতি করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বিজেপির পথকে সমর্থন করবে না তৃণমূল কংগ্রেস, কারণ শাসক দলের মধ্যে রয়েছে বাঙালি-বিরোধী মানসিকতা।

সুস্মিতা দেব বলেন, “এনআরসি” ও “সিএএ”–এর প্রক্রিয়ায় সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছেন হিন্দু বাঙালিরা। তাহলে কিভাবে তারা সুরক্ষিত? মুখ্যমন্ত্রীর কাছেই এর জবাব চান তিনি। পাশাপাশি জানান— “সিএএ আসলে বিজেপির একটি ফ্লপ শো। এই আইনের মাধ্যমে হিন্দু বাঙালিদের বিদেশি সাজানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি।”

তিনি মুখ্যমন্ত্রীকে অযথা মিথ্যার আশ্রয় না নেওয়ার আহ্বান জানিয়ে প্রশ্ন তোলেন— এতদিনে হিন্দু বাঙালিদের জন্য কী করেছে শাসক দল? সেইসঙ্গে ঘোষণা করেন, “যেদিন হিন্দু বাঙালিরা সরে দাঁড়াবে, সেদিন বিজেপির কোমর ভেঙে যাবে।” অন্যান্য নানা ইস্যুতেও শাসক দলকে কাঠগড়ায় তুলে বিজেপির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তৃণমূল সাংসদ সুস্মিতা দেব।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news