শ্যামজুরাই অঞ্চলে জমা জলের সমস্যা সমাধানের দাবি গ্রামবাসীর
অজিত দাস
শিলচর: শিলচর শহরের তারাপুর চতুর্থ খণ্ডের বাইপাস সংলগ্ন শ্যামজুরাই গ্রামে সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রায় চার শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে জলবন্দি অবস্থায় বসবাস করছেন। সামান্য বৃষ্টিতেই এলাকাজুড়ে হাঁটুসমান জল জমে পড়ে, ঘরে ঢুকে পড়ছে নোংরা জল।
স্থানীয় সমাজসেবী আতাউর রহমান লস্কর জানান, ভারতমালা প্রকল্পের অংশ হিসেবে শিলচর–রামনগর সড়কের উন্নয়ন কাজের পাশাপাশি গ্রামসংলগ্ন নতুন ড্রেন নির্মাণ শুরু হয়েছে, যা একটি ইতিবাচক উদ্যোগ। তবে ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতির কারণে পুরোনো দুই-তিনটি কালভার্টের মুখ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির জল বেরোবার পথ রুদ্ধ হয়েছে। ফলে এলাকাবাসীর ঘরবাড়ি ও দোকানে জল ঢুকে বিপর্যস্ত অবস্থা সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীরা জানান, নতুন নির্মীয়মাণ ড্রেনটি যথেষ্ট গভীর না হওয়ায় জল নিষ্কাশন কার্যকরভাবে সম্ভব হবে না। তারা এনএইচডিসিএল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন ড্রেনের গভীরতা কমপক্ষে দুই ফুট বাড়িয়ে নির্মাণ করা হোক, যাতে ভবিষ্যতে জলাবদ্ধতার পুনরাবৃত্তি না ঘটে। এছাড়াও স্থানীয়রা দাবি করেছেন, অস্থায়ীভাবে বন্ধ হয়ে থাকা কালভার্টের মুখ দ্রুত খুলে দেওয়া এবং রাস্তার পাশে জমে থাকা মাটি জেসিবি দিয়ে অপসারণের ব্যবস্থা নেওয়া হোক, যাতে জমা জল বেরিয়ে যেতে পারে।
পরিস্থিতির দ্রুত সমাধানের দাবিতে আগামী সোমবার ভুক্তভোগী গ্রামবাসীরা এনএইচডিসিএলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করবেন বলে জানানো হয়েছে।
Promotional | North East Integration Rally



