জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ কাটিগড়ায়

2 - মিনিট |

গুরুতর আহত ৩, মোট আহত ৭

অজিত দাস

কাটিগড়া : কাটিগড়ার ফুলবাড়ি গ্রামে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
দুই পক্ষের মারপিটে পুরুষ–মহিলা সহ মোট সাতজন আহত হন। এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কাটিগড়া এমজি মডেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রাপ্ত খবর অনুযায়ী, ফুলবাড়ি গ্রামের সিরাজ উদ্দিন বড়ভূঁইয়া ও আলতাফ হোসেন বড়ভূঁইয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিষয়ে আদালতেও মামলাজট রয়েছে। বিতর্কিত ওই জমিতে ধান চাষ করেছিলেন সিরাজ উদ্দিন বড়ভূঁইয়া। অভিযোগ, সেই ধান কাটতে দলবল নিয়ে মাঠে যান আলতাফ হোসেন বড়ভূঁইয়া।

নিজের চাষ করা ধান অন্য পক্ষ কেটে নিয়ে যাচ্ছে দেখে প্রতিবাদ করতে গেলে দুই পক্ষের মধ্যে বেঁধে যায় উত্তেজনা ও সংঘর্ষ। অভিযোগ, আলতাফ হোসেন ও তাঁর সঙ্গীরা লাঠিসোঁটা দিয়ে সিরাজ উদ্দিন ও তাঁর পক্ষের লোকজনকে বেধড়ক মারধর করেন। এতে তিনজন মহিলা সহ মোট সাতজন আহত হন।

আহতদের মধ্যে সিরাজ উদ্দিন বড়ভূঁইয়া (৬৪), মুজিবুল আলম লস্কর (৪৭) ও আলিম উদ্দিন লস্কর (৫৫)-এর অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বেলারুন নেছা (৪৬), রয়তুন নেছা (৫২), ছালেহ আহমদ লস্কর (৩০) সহ আরও একজন আহত হন। তাঁদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে সবাইকে উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে কাটিগড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায়। গুরুতর তিনজনকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, অন্যদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত সিরাজ উদ্দিন বড়ভূঁইয়ার স্ত্রী রয়তুন নেছা বড়ভূঁইয়া প্রতিবেশী আলতাফ হোসেন বড়ভূঁইয়া সহ মোট ১৫ জনের বিরুদ্ধে কাটিগড়া থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news