কাছাড়ে জাতীয় লোক আদালতে ৬৪৬টি মামলার নিষ্পত্তি

2 - মিনিট |

তালিকাভুক্ত ১,০৭১টি মুলতুবি মামলার মধ্যে ২৫২টি মামলা নিষ্পত্তি করা হয়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : কাছাড় জেলায় দ্রুত ও সৌহার্দ্যপূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে ১৩ ডিসেম্বর  জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে সফলভাবে আয়োজন করা হয় জাতীয় লোক আদালত। জেলার নির্ধারিত বিভিন্ন আদালত প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত এই লোক আদালতে বিচার বিভাগীয় আধিকারিক, আইনজীবী, সংশ্লিষ্ট দফতর এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

এই জাতীয় লোক আদালতে মোটর যান আইন সংক্রান্ত মামলা, দেওয়ানি ও ফৌজদারি মামলা, বৈবাহিক বিরোধ সংক্রান্ত মামলা এবং এমএসিটি মামলাসহ বিপুল সংখ্যক মুলতুবি মামলা নিষ্পত্তির জন্য গৃহীত হয়। পাশাপাশি ব্যাংক ঋণ পুনরুদ্ধার সংক্রান্ত বিরোধ এবং টেলিফোন ও বিদ্যুৎ বিল সংক্রান্ত প্রাক-বিচারাধীন মামলাও লোক আদালতে তোলা হয়।

সম্মতির ভিত্তিতে পরিচালিত বিচার প্রক্রিয়ার মাধ্যমে তালিকাভুক্ত ১,০৭১টি মুলতুবি মামলার মধ্যে ২৫২টি মামলা নিষ্পত্তি করা হয়, যার আর্থিক নিষ্পত্তির পরিমাণ দাঁড়ায় ৫,৬৭,৮০,৭০০ টাকা।

একইসঙ্গে গ্রহণ করা ৫,৪২১টি প্রাক-বিচারাধীন মামলার মধ্যে ৩৯৪টি মামলা নিষ্পত্তি হয়, যেখানে মোট নিষ্পত্তির পরিমাণ ১,২৬,৪২,১৮৮ টাকা। দীর্ঘদিনের মামলা-মোকদ্দমা থেকে মুক্তি পেয়ে সাধারণ নাগরিকরা সময় ও অর্থ সাশ্রয় করতে পারছেন, যা লোক আদালতের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করছে।

এ উপলক্ষে কাছাড় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান বিপ্রজিত রায় এবং সচিব সুভদ্রা আচার্য্য অংশগ্রহণকারী সকল বিচার বিভাগীয় আধিকারিক, আইনজীবী, সংশ্লিষ্ট দফতর এবং সর্বোপরি কাছাড় জেলার সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সকলের সক্রিয় সহযোগিতা ও সমর্থনের ফলেই জাতীয় লোক আদালতটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে বলে জানান তাঁরা।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news