দরগাহ কোনা থেকে কাঠাল পয়েন্ট পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেন
অজিত দাস
শিলচর : ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ডিয়ার বয়েজ ক্লাবের উদ্যোগে দিনব্যাপী নানা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয় এই জাতীয় উৎসব। অনুষ্ঠানের সূচনা হয় সকালবেলায় এক বর্ণাঢ্য সাইকেল দৌড় প্রতিযোগিতার মাধ্যমে। দরগাহ কোনা থেকে কাঠাল পয়েন্ট পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
এর পরপরই আয়োজন করা হয় লম্বা দৌড় প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়। এরপর দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার, কমলা দৌড়সহ একাধিক আকর্ষণীয় প্রতিযোগিতা।
শিলচর আইরিশ ইংলিশ স্কুলের মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণকারীদের পাশাপাশি দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। গোটা এলাকায় তৈরি হয় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতিযোগিতায় বিজয়ীদের খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে। ডিয়ার বয়েজ ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষ। তাঁদের মতে, এ ধরনের কর্মসূচি যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং জাতীয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে আরও গভীরভাবে তুলে ধরবে।
Promotional | North East Integration Rally



