সুরমা-বরাকের স্বাধীনতা সংগ্রামীদের বীরগাথা নিয়ে নীহার রঞ্জন পালের গ্রন্থ উন্মোচিত

2 - মিনিট |

শিলচরে বর্ণাঢ্য অনুষ্ঠান

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : সুরমা-বরাক উপত্যকার স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাস ও অজানা তথ্যসমৃদ্ধ একটি মননশীল গ্রন্থের আত্মপ্রকাশ ঘটল। শুক্রবার সকালে শিলচর গান্ধী ভবনে লেখক তথা নেতাজি গবেষক নীহার রঞ্জন পালের ‘সুরমা-বরাকের স্বাধীনতা সংগ্রামী ও শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠান’ শীর্ষক নতুন গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়। শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এই উন্মোচনী সভায় উপত্যকার বিশিষ্ট গুণীজনেরা উপস্থিত ছিলেন।

দিনের কর্মসূচির শুরুতে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রতিষ্ঠানের সদস্যরা। মূল অনুষ্ঠানটি শুরু হয় গান্ধী ভবনে বাপুজির প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। এরপর আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক অরিজিৎ আদিত্য, পার্থ ভট্টাচার্য, প্রখ্যাত গবেষক ড. অমলেন্দু ভট্টাচার্য, শান্তনু দাস, সৌম্যজ্যোতি দত্ত মজুমদার, ডা. বিধানচন্দ্র দাস, শেখর পাল চৌধুরী, উপালী পুরকায়স্থ ও মিনারা মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে নিজের বক্তব্যে লেখক নীহার রঞ্জন পাল বলেন, “এই গ্রন্থে সুরমা-বরাক অঞ্চলের স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ও বস্তুনিষ্ঠ ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আগামী দিনে আরও অজানা ও অপ্রকাশিত তথ্য জনসমক্ষে নিয়ে আসার লক্ষ্যে আমার এই গবেষণা অব্যাহত থাকবে।

” প্রখ্যাত গবেষক ড. অমলেন্দু ভট্টাচার্য বরাকের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন এবং স্থানীয় লাইব্রেরি ও সাহিত্যিক উপাদানের সঠিক সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

সাংবাদিক অরিজিৎ আদিত্য ও পার্থ ভট্টাচার্য তাঁদের বক্তব্যে সাংবাদিকতায় ইতিহাস চেতনার গুরুত্ব এবং লেখকের এই নিষ্ঠার প্রশংসা করেন। এছাড়া প্রতিষ্ঠানের সভাপতি শান্তনু দাস সহ অন্যান্য বক্তারাও গ্রন্থটির প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

এদিনের অনুষ্ঠানে ‘রূপম সাংস্কৃতিক সংস্থা’র শিল্পীরা মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন। এ ছাড়াও একক সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন সঙ্গীতশিল্পী কল্যাণী দাম ও বাপী রায়। সভার শেষ পর্বে প্রতিষ্ঠানের বার্ষিক মেধা অন্বেষণ পরীক্ষায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে শংসাপত্র ও লেখকের গ্রন্থটি তুলে দেওয়া হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গান্ধী শান্তি প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক অশোক কুমার দেব।

Promotional | North East Integration Rally

Stay connected with the biggest action oriented movement of North East India – connecting, uniting, working for Peace, Progress and Prosperity of North East India. Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news