জুবিন গর্গের স্মরণে নিবেদিত সংগীত এবং স্কুল ব্যান্ডের যন্ত্রসংগীত পরিবেশনা দর্শকদের বিশেষ প্রশংসা কুড়িয়েছে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর৷ শনিবার শিলচর ডন বস্কো স্কুলে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ‘ডন বস্কো ও অভিভাবক দিবস’-এর দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান। ২৯ জানুয়ারি অনুষ্ঠানের প্রথম পর্যায়টি নির্ধারিত ছিল বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের জন্য। ৩১ জানুয়ারি দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠানের মূল পর্বটি অনুষ্ঠিত হয়। উভয় দিনই বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেভারেন্ড বিশপ জোয়াকিম ওয়াল্ডার এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. হিমব্রত চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন ডন বস্কো স্কুলের অধ্যক্ষ রেভারেন্ড সুরজিৎ টিগ্গা, ম্যানেজার রেভারেন্ড ব্রাদার রেজি চেরুকুনেল, রেক্টর রেভারেন্ড ফাদার জোস জোশ, রেভারেন্ড ফাদার অ্যালবাস্টার খারকংগোর, ফাদার জোয়াকিম এক্কলা, এবং বিশেষ অতিথি রেভারেন্ড ব্রাদার জন কলাম্বিসহ ব্রাদার দাওয়ানমেই পাসি, ব্রাদার কিরবাসিয়াস, ব্রাদার লুমলাং, সিস্টার জ্যোতি ও সিস্টার জ্যাকিন্টা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক কর্মসূচি। সঞ্চালনা করেন মিরান বর্মন, বিবেক ভাস্কর দাস, জ্ঞানম দেবচৌধুরী, কৃষাঙ্গী দেব চৌধুরী এবং নাজমিন পারবিন। সন্ধ্যায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের শৈল্পিক নৃত্যের মাধ্যমে মূল সাংস্কৃতিক পর্ব শুরু হয়। শিক্ষক ম্যাথিউ এবং দীপ্তজিত ধরের নির্দেশনায় সংগীত পরিবেশনা ছিল অত্যন্ত মনোমুগ্ধকর।
বিশেষ করে জুবিন গর্গের স্মরণে নিবেদিত সংগীত এবং স্কুল ব্যান্ডের যন্ত্রসংগীত পরিবেশনা দর্শকদের বিশেষ প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও ভারতের বিভিন্ন প্রান্তের সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে কত্থক, মোহিনীআট্টম, ভাংড়া, কোলি নৃত্য এবং অরুণাচল ও উত্তরাখণ্ডের উপজাতীয় নৃত্য পরিবেশিত হয়। দেশাত্মবোধক নৃত্য ও নাটকের মাধ্যমে ছাত্রছাত্রীরা সামাজিক সচেতনতার বার্তাও পৌঁছে দেয়।
অতিথি ডা. হিমব্রত চক্রবর্তী তাঁর বক্তব্যে বর্তমান বিশ্বায়নের যুগে মূল্যবোধ ভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার্থীদের কেবল শিক্ষিত করলেই চলবে না, তাদের মানবিক গুণসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রধান অতিথি বিশপ জোয়াকিম ওয়াল্ডার ডন বস্কো শিক্ষা প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখার জন্য শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানান। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এই বর্ণাঢ্য আয়োজনের সফল সমাপ্তি ঘটে।
Promotional | North East Integration Rally




