সহযোগিতায় বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : পুলওয়ামা শহিদদের শ্রদ্ধা জানাতে এবং রক্তদানের মাধ্যমে প্রেমময় সমাজের প্রতীক ভালোবাসার দিন উদযাপনের উদ্দেশ্যে ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল ১০টা থেকে কাছাড় ক্যানসার হাসপাতালের ব্লাড ব্যাংকে এক অভ্যন্তরীণ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের নাম দেওয়া হয়েছিল ‘ভালোবেসে রক্তদান’। ১৪ ফেব্রুয়ারি এসো বলি-র উদ্যোগে অনুষ্ঠিত শিবিরে ৮ জন রক্তদান করেন।
শিবিরের সহযোগিতায় ছিল বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। প্রতি বছরই ১৪ ফেব্রুয়ারি এসো বলি সহযোগী সংগঠনকে সঙ্গে নিয়ে এই দিনটিতে ভালোবেসে রক্তদানের আয়োজন করে আসছে। এসো বলি-র প্রতিষ্ঠাতা সভাপতি তথা ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্র গুপ্তর মস্তিষ্কপ্রসূত এই ‘ভালবেসে রক্তদান’।
‘ভালবেসে রক্তদান’ শীর্ষক এই শিবিরে রক্তদান করেন সংখ্যায়ন পাল, শুভদীপ দত্ত, প্রণব বিশ্বাস, অনুপম চক্রবর্তী, রিশব পুরকায়স্থ, পার্থ রায় ভৌমিক, রাজেশ পাল। রক্তদানের মাধ্যমে এদিন জন্মদিন উদযাপন করেন সংখ্যায়ন পাল।
ব্লাড সেন্টারের ইনচার্জ ডা. শবনম বাহার বড়ভূঁইয়া এবং আরএমও ডা. দিলোয়ার হুসেন এই অভিনব উদ্যোগের জন্য আয়োজক এবং রক্তদাতাদের সাধুবাদ জানিয়েছেন। সকল রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র, কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড ব্যাংকের পক্ষ থেকে উপহার সহ পৃথক শংসাপত্র প্রদান করা হয়।
শিবিরের পরিচালনায় ছিলেন এসো বলির সভাপতি তথা ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, ফোরামের সহ-সম্পাদক তথা এসো বলির কোষাধ্যক্ষ দেবালয় ভাওয়াল, ফোরামের কেন্দ্রীয় সভাপতি দেবব্রত পাল, সহসম্পাদক অমল দাস, প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির যুগ্ম সম্পাদক সৌম্যজ্যোতি ভট্টাচার্য, অন্যতম কার্যনির্বাহী সদস্য তাপস বিশ্বাস, কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড ব্যাংকের কাউন্সিলর শতরূপা কংসবণিক প্রমুখ। এসো বলির পিআরও সুজয় নাথ এ খবর জানিয়েছেন।



