শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে বর্তমান সরকার: বিধায়ক দীপায়ন চক্রবর্তী
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর। আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ লগ্নে শিলচরের অঙ্গনওয়াড়ি কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। শুক্রবার শিলচর গান্ধী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া হয় এবং কৃতি কর্মীদের সংবর্ধনা জানানো হয়। শিলচর গ্রামীণ ও শহর আইসিডিএস (ICDS) প্রকল্প এবং কাছাড় জেলা মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি আনুষ্ঠানিকভাবে কর্মীদের হাতে স্মার্টফোন তুলে দিয়ে বলেন, “নারী দিবসের এই শুভক্ষণে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে পারা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। রাজ্য সরকারের এই যুগান্তকারী উদ্যোগের ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর দৈনন্দিন কাজকর্ম আরও আধুনিক ও স্বচ্ছ হবে। বিশেষ করে শিশু ও মাতৃসেবার ক্ষেত্রে তথ্য আদান-প্রদান এবং পরিষেবা প্রদান আরও গতিশীল হবে।”
পূর্বতন সরকারের সমালোচনা করে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, “দীর্ঘ কয়েক দশকে বহু সরকার রাজ্য শাসন করেছে, কিন্তু প্রকৃত সুশাসনের পরিবেশ তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বে। ২০২১ সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি রাজ্যের সামগ্রিক উন্নয়নের এক সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করেছেন। তাঁর লক্ষ্য অসমকে দেশের প্রথম সারির রাজ্যে উন্নীত করা এবং সেই দিশাতেই একের পর এক জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।”
অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর আধুনিকীকরণ প্রসঙ্গে তিনি আরও বলেন, “এক সময় বহু কেন্দ্র জরাজীর্ণ অবস্থায় ছিল, পরিকাঠামোর অভাবে শিশুরা উপযুক্ত পরিবেশ পেত না। কিন্তু বর্তমান সরকার ‘মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার’ গড়ে তুলে শিশুদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ ও পুষ্টির অধিকার নিশ্চিত করছে। কংগ্রেস সরকার এতদিন ‘মডেল অঙ্গনওয়াড়ি’র ধারণাটিই বুঝে উঠতে পারেনি।” শিক্ষাক্ষেত্রের আমূল পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নত শৌচাগার ও আধুনিক পরিকাঠামো নির্মাণের ফলে এখন সরকারি বিদ্যালয়গুলো বেসরকারি স্কুলের সঙ্গে সমানে পাল্লা দিচ্ছে।
অনুষ্ঠানে কাছাড়ের জেলা সমাজকল্যাণ আধিকারিক সুবর্ণা দেবী জানান, স্মার্টফোন প্রদানের ফলে তথ্য সংগ্রহ ও বিভিন্ন সরকারি প্রকল্পের রিপোর্ট দ্রুত পাঠানো সম্ভব হবে। তিনি নারী দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে সমাজ গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। শিলচর গ্রামীণ ও শহর আইসিডিএস প্রকল্পের সিডিপিও (CDPO) বিজয় বড়ুয়া তাঁর বক্তব্যে নারী ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শিলচর গ্রামীণ ও শহর আইসিডিএস প্রকল্পের অধীনে অসামান্য পরিষেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকজন সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি “বেটি বাঁচাও, বেটি পড়াও” অভিযানের প্রচার চালানো হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ণালী ভট্টাচার্য, অপু সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ধন্যবাদ সূচক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বর্ণালী ভট্টাচার্য।



