সংবর্ধিত হন বিশিষ্ট কবি চন্দ্রিমা দত্ত, শেলী দাস চৌধুরী এবং ডঃ রুপরাজ ভট্টাচার্য্য
অজিত দাস
শিলচর : বিশ্ব কবিতা দিবসের তাৎপর্যপূর্ণ দিনে ‘হৃদয়’ সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার উদ্যোগে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার ৩০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তিনজন বিশিষ্ট কবি-সাহিত্যিককে সম্মাননা জানানো হয়।
এদিন এক সুশৃঙ্খল ও সাংস্কৃতিক আবহে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধিত হন বিশিষ্ট কবি চন্দ্রিমা দত্ত, শেলী দাস চৌধুরী এবং ডঃ রুপরাজ ভট্টাচার্য্য। সংস্থার পক্ষ থেকে তাঁদের সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ডঃ বিশ্বতোষ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ‘হৃদয়’ সংস্থার সভাপতি গুণজ্যোতি দত্ত, সম্পাদক কৃষ্ণ কংশবনিক, কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি কবিতা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এক গম্ভীর ও মনোজ্ঞ পরিবেশে সম্পন্ন হয়।



