স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
ধলাই: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধলাই সমষ্টিতে জোরকদমে প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী অমিয় কান্তি দাশ। দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন।
দিনের শুরুতে নিজের বাসভবনে দলীয় কার্যকর্তা, সমর্থক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন দাশ। বৈঠকে নির্বাচনী কৌশল ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর রামনবমী উপলক্ষে তিনি বিভিন্ন স্থানে গিয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি শ্রীশ্রী বাসন্তী পূজায় অংশ নিয়ে মা বাসন্তীর চরণে প্রণাম জানান এবং এলাকার মানুষের মঙ্গল কামনা করেন।
এরপর ধুয়ারবন্দ ও বড়জালেঙ্গা এলাকায় পৃথক বৈঠক ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
দিনের শেষ পর্যায়ে সাংসদ পরিমল শুক্ল বৈদ্যের বাসভবনে গিয়ে মা দুর্গার আশীর্বাদ গ্রহণ করেন অমিয় কান্তি দাশ।দলের নেতা-কর্মীদের মতে, তাঁর নিরলস পরিশ্রম, জনসংযোগ এবং উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি ধলাই সমষ্টিতে তাঁকে এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।



