এনএইচআইডিসিএলের দ্বারস্থ প্রতিনিধিদল
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। প্রতিদিনের যাতায়াতে ঝুঁকি বাড়ছে, ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, আর দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
এই পরিস্থিতিতে দ্রুত সড়ক মেরামতির দাবিতে সোমবার এক প্রতিনিধিদল জাতীয় সড়ক ও অবকাঠামো উন্নয়ন নিগম লিমিটেড (এনএইচআইডিসিএল)-এর কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে। প্রাক্তন সাংসদ ডা. রাজদীপ রায়ের পরামর্শে গঠিত এই প্রতিনিধিদলে ছিলেন বিমলেন্দু রায়, পুলক দাস, সুজিত রায়সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।
প্রতিনিধিদল এনএইচআইডিসিএলের জেনারেল ম্যানেজার (প্রকল্প) হিমাংশু গুপ্তর কাছে সড়কের বর্তমান বেহাল অবস্থার বিস্তারিত তুলে ধরে। বিমলেন্দু রায় জানান, রাস্তার গর্তগুলোর কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষের যাতায়াতে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। বহুদিন ধরে এই দুরবস্থার শিকার হচ্ছেন পথচারী ও যানবাহন চালকরা।
এদিকে, প্রতিনিধিদলের বক্তব্য শুনে এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ দ্রুত মেরামতির কাজ শুরু করার আশ্বাস দিয়েছে। তবে আশ্বাসের পর বাস্তবে কত দ্রুত কাজ শুরু হয়, তা নিয়েই এখন অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।



