গেজেট বিজ্ঞপ্তি জারির দাবি জোরদার
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর: শিলচর রেলস্টেশনের নাম “ভাষা শহিদ স্টেশন, শিলচর” করার দাবি ঘিরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে আলোচনা তীব্র হয়েছে। এই প্রেক্ষিতে ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি এক বিবৃতিতে বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, ১৫ এপ্রিল রেল মন্ত্রকের এক আরটিআই উত্তরের ভিত্তিতে এই বিতর্কের সূত্রপাত। সেখানে বলা হয়েছে, রেল মন্ত্রকের কাছে শিলচর স্টেশনের নাম পরিবর্তনের কোনো প্রস্তাব নেই। তবে একই সঙ্গে রেল মন্ত্রক স্পষ্ট করেছে যে রেল স্টেশনের নাম পরিবর্তনের ক্ষেত্রে চূড়ান্ত অনুমোদন দেওয়ার একমাত্র ক্ষমতাপ্রাপ্ত সংস্থা হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
সমিতির দাবি, এই উত্তরের আংশিক ব্যাখ্যা থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তাদের বক্তব্য অনুযায়ী, ২০০৫ সাল থেকে দীর্ঘ আন্দোলনের পর সমস্ত প্রক্রিয়া মেনে আসাম সরকার ২০১৬ সালে “ভাষা শহিদ স্টেশন, শিলচর” নামকরণের প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠায়। ওই বছরই ৭ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রস্তাবটি অনুমোদন করে এবং রাজ্য সরকারকে গেজেট বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেয়।
কিন্তু প্রায় এক দশক পেরিয়ে গেলেও আসাম সরকারের পক্ষ থেকে সেই গেজেট বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি বলে অভিযোগ সমিতির। তাদের মতে, এই বিলম্ব বরাকের ভাষা আন্দোলনের ইতিহাসের প্রতি অবহেলার শামিল।
সমিতি আরও জানায়, রাজ্য সরকারের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় রেল মন্ত্রকের কাছে বিষয়টি কার্যকর করার মতো কোনো প্রস্তাব বা নথি পৌঁছায়নি। ফলে কেন্দ্রের কাছে প্রস্তাবই যায়নি—এমন ধারণা সঠিক নয়।উল্লেখ্য, প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্য সরকারের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নাম পরিবর্তনের অনুমোদন দেয় এবং পরে রাজ্য সরকারের গেজেট বিজ্ঞপ্তির পর রেল কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করে।
এই পরিস্থিতিতে সমিতির পক্ষ থেকে আসাম সরকারকে দ্রুত গেজেট বিজ্ঞপ্তি জারি করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বরাক উপত্যকার সাংসদ ও বিধায়কদের এই বিষয়ে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।সমিতির সম্পাদক রাজীব কর সকলকে এই দাবির পক্ষে পাশে থাকার আবেদন জানিয়েছেন।



