জ্বালানি সাশ্রয়ে ব্যতিক্রমী উদ্যোগ, শিলচর সৎসঙ্গ আশ্রমে রান্নার বদলে ফলবণ্টন

< 1 - মিনিট |

ব্যয়সংকোচন ও পরিবেশ সচেতনতায় নজির গড়ল শিলচর সৎসঙ্গ বিহার শাখা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর | আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষিতে জ্বালানি ও পেট্রোলিয়াম সংরক্ষণের লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করল শিলচরের সৎসঙ্গ বিহার শাখা। রবিবার সন্ধ্যায় শিলচর সৎসঙ্গ আশ্রমে ভক্তদের জন্য নানাবিধ রান্না করা খাবারের পরিবর্তে ফলমূল বিতরণের ব্যবস্থা করা হয়। এর মাধ্যমে গ্যাস ও রান্নার জ্বালানির ব্যবহার কমিয়ে ব্যয়সংকোচন এবং সম্পদ সংরক্ষণের বার্তা তুলে ধরা হয়েছে।

আশ্রম সূত্রে জানা গেছে, কেন্দ্রীয়ভাবে জ্বালানি সংরক্ষণে যে আহ্বান জানানো হয়েছে, তারই অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শাখার সদস্যরা জানান, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে অপ্রয়োজনীয় জ্বালানি অপচয় রোধ করা অত্যন্ত জরুরি। তাই সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সচেতনতার অংশ হিসেবেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তাদের মতে, প্রচলিতভাবে বড় আকারে রান্নার আয়োজনের পরিবর্তে ফলমূল বিতরণ করলে কাঁয়াইগ্যাসের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমবে এবং পরিচালন ব্যয়ও হ্রাস পাবে। একইসঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সম্পদ ব্যবহারে সংযমের বার্তাও সমাজের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

সৎসঙ্গ বিহার শিলচর শাখার সদস্যরা আরও জানান, ভবিষ্যতেও পরিবেশবান্ধব ও সম্পদ-সংরক্ষণমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। সমাজের সকল স্তরের মানুষকে জ্বালানি সাশ্রয় ও সচেতন ব্যবহারের আহ্বানও জানানো হয় এদিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news