হকার উচ্ছেদের পর কর্মহীন পরিবারগুলির পুনর্বাসনের দাবি

2 - মিনিট |

মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র নিউ শিলচরের সচেতন নাগরিকদের

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর | শিলচরে হকার উচ্ছেদের পর কর্মহীন হয়ে পড়া পরিবারগুলির পুনর্বাসন, আর্থিক সংকট নিরসন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র জমা দিলেন নিউ শিলচরের একাংশ সচেতন নাগরিক। জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশে এই স্মারকপত্র জমা দেওয়া হয়। এর প্রতিলিপি শিলচরের বিধায়ক ডঃ রাজদীপ রায় এবং শিলচর কর্পোরেশনের মেয়র অমরেন্দ্র পালের কাছেও পাঠানো হয়েছে। পাশাপাশি নগরোন্নয়ন মন্ত্রী কৌশিক রায়ের কাছেও স্মারকপত্রের প্রতিলিপি পাঠানোর কথা জানানো হয়েছে।

স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, হকার উচ্ছেদের পর বহু পরিবার জীবিকার সংকটে পড়েছে। কর্মহীন হয়ে পড়া হকারদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও আর্থিক অনিশ্চয়তা, পারিবারিক দুরবস্থা ও মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে তাঁদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং বেকার যুবকদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে দুটি প্রস্তাব পেশ করেছেন আবেদনকারীরা।

প্রথম প্রস্তাবে গান্ধী পার্কের স্বকীয়তা ও সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে পার্ক সংলগ্ন ফুটপাত এবং ডিস্ট্রিক্ট লাইব্রেরির বিপরীত দিকের ফুটপাতের সম্মুখভাগে ৭×৭ ফুট মাপের ছোট ছোট দোকানঘর নির্মাণের আবেদন জানানো হয়েছে। এই দোকানগুলি উচ্ছেদ হওয়া হকার ও বেকার যুবকদের মধ্যে বরাদ্দ করা হলে তাঁদের জীবিকার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন আবেদনকারীরা। একই সঙ্গে দোকানগুলি থেকে শিলচর কর্পোরেশনের নিয়মিত রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে বলে স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় প্রস্তাবে নিউ শিলচরের ভগ্নপ্রায় জেলা এসটিসি (STC) ভবনটি শিলচর কর্পোরেশনের উদ্যোগে সংস্কার করে সেখানে বেকার যুবকদের জন্য দোকানঘর নির্মাণের আবেদন জানানো হয়েছে। এর ফলে অব্যবহৃত সম্পদকে কাজে লাগানোর পাশাপাশি স্থানীয় যুবকদের স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি হবে বলে তাঁদের অভিমত।

আবেদনকারীরা জানিয়েছেন, প্রস্তাব দুটি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মন্ত্রী ও মেয়রের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হকার পরিবারগুলির পুনর্বাসন ও বেকার যুবকদের কর্মসংস্থানের এই উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষের সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

এদিন স্মারকপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী সুব্রত কুমার চন্দ, রণজয় দত্ত চৌধুরী, অনন্ত দাস, গৌতম নাথ, বিক্রম দাস, রাজেশ চক্রবর্তী, হিমাংশু পাল প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *