অবৈধ মদ বিক্রির অভিযোগে ছয়জন গ্রেফতার, হাসপাতালে ভর্তি ২২৮ জন; ৩৮ জনের ডায়ালিসিস চলছে, তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন
কে আর সি টাইমস ডেস্ক
ইম্ফল,:মণিপুরে সন্দেহজনক বিষমদ পান করে মৃত্যুর ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭। ঘটনার তদন্তে নেমে স্থানীয়ভাবে তৈরি সন্দেহজনক মদের নমুনা পরীক্ষার জন্য কলকাতার ন্যাশনাল ফুড ল্যাবরেটরিতে (এনএফএল) পাঠিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি ইম্ফলের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এবং রাজ্য জনস্বাস্থ্য পরীক্ষাগারেও নমুনা পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ইম্ফলে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের দরবার হলে সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের মুখপাত্র তথা বিধায়ক থোকচোম রাধেশ্যাম সিং এই তথ্য জানান। তাঁর বক্তব্য, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য প্রিন্সিপাল সেক্রেটারি আর কে দীনেশের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে রাজ্য সরকারের কাছে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিটিকে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, বিষমদ-কাণ্ডে এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে। অবৈধ মদের উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে রাজ্যজুড়ে অভিযানও অব্যাহত রয়েছে। ইতিমধ্যে প্রায় ৪,৬০০ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন সরকারি মুখপাত্র।
এদিকে, বিষমদে আক্রান্ত হওয়ার আশঙ্কায় এখনও পর্যন্ত ১,১৩০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ২২৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এঁদের মধ্যে ৩৮ জনের ডায়ালিসিস চলছে বলে জানিয়েছেন রাজ্য সরকারের আর এক মুখপাত্র তথা বিধায়ক ডা. সপম রঞ্জন সিং।
আক্রান্তদের ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (রিমস), জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (জেএনআইএমএস), শিজা হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং বাবিনা হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার পর আতঙ্ক ছড়ানোয় বহু মানুষ নিজেরাই হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
সরকারি মুখপাত্র রাধেশ্যাম সিং জানিয়েছেন, আইন ভেঙে অবৈধ মদ তৈরি, মজুত কিংবা বিক্রির সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না। সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট মহলের কাছে এ ধরনের বেআইনি কার্যকলাপের তথ্য প্রশাসনকে জানানোর আবেদনও জানিয়েছেন তিনি।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশের আইজি থেমথিং এনগাসাংভা, আবগারি কমিশনার হুঙ্গিও ওয়ারশাং এবং স্বাস্থ্য পরিষেবা অধিকর্তা ডা. এন হেমন্তকুমার সিং-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
কলকাতার পরীক্ষাগারে পাঠানো নমুনার রিপোর্ট এই ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। মদে কী ধরনের ক্ষতিকর রাসায়নিক বা বিষাক্ত উপাদান ছিল, তা পরীক্ষার ফল প্রকাশের পরই স্পষ্ট হবে।


