ব্যাঙ্ক আমানত ঘুরিয়ে জমি, ফ্ল্যাট, বিমা ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের অভিযোগ; আগের পদক্ষেপ-সহ মোট ৩.৬২ কোটি টাকার সম্পত্তি আটক
কে আর সি টাইমস ডেস্ক
গুয়াহাটি: আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি অর্জনের অভিযোগে অসমের প্রাক্তন সার্কল অফিসার নূপুর বোরার বিরুদ্ধে তদন্তে আরও এক ধাপ এগোল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অর্থ পাচার মামলায় তাঁর ও সংশ্লিষ্টদের ৭০.০৯ লক্ষ টাকার সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে একই মামলার সূত্রে নেওয়া পদক্ষেপ-সহ এখনও পর্যন্ত আটক সম্পত্তির মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩.৬২ কোটি টাকা।
ইডির গুয়াহাটি জোনাল অফিস-১ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের ২০০২ সালের ৫(১) ধারায় এই পদক্ষেপ করেছে। তদন্তকারীদের দাবি, বরপেটায় সার্কল অফিসার হিসেবে কর্মরত থাকার সময় নূপুর বোরার বিরুদ্ধে বিপুল পরিমাণ হিসাববহির্ভূত অর্থ জমা ও তা বিভিন্ন আর্থিক লেনদেনের মাধ্যমে বিনিয়োগ করার অভিযোগ উঠেছে।
মুখ্যমন্ত্রীর বিশেষ ভিজিল্যান্স সেলের দায়ের করা এফআইআর থেকেই এই তদন্তের সূত্রপাত। ২০২৫ সালের ১২ নভেম্বর নূপুর বোরার বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ভিজিল্যান্স পুলিশ। পরে ২০২৬ সালের ৩১ মার্চ তাঁর স্বামী গগন চন্দ্র কলিতা, বাবা কিনারাম বরা এবং লট মণ্ডল সুরজিত ডেকার বিরুদ্ধেও সম্পূরক চার্জশিট জমা পড়ে।
চার্জশিটে ২০১৯ সালের ১৭ জানুয়ারি থেকে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে নূপুর বোরার আয় ও সম্পত্তির হিসাব খতিয়ে দেখার কথা উল্লেখ করা হয়েছে। তদন্তকারী সংস্থার অভিযোগ, ওই সময়ে তাঁর জ্ঞাত আয়ের উৎসের তুলনায় প্রায় ৪.০১ কোটি টাকার সম্পত্তি জমা হয়েছিল, যা ঘোষিত আয়ের ৪৫৮.৬৪ শতাংশ।
ইডির দাবি, সার্কল অফিসার থাকাকালীন সংগৃহীত বলে সন্দেহ করা নগদ অর্থ প্রথমে নূপুর বোরার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি তাঁর স্বামী ও বাবার অ্যাকাউন্টে জমা করা হয়। পরে একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে সেই অর্থ ঘোরানো হয়। এই লেনদেনে অধস্তন কর্মী সুরজিত ডেকা এবং তাঁর বাবার অ্যাকাউন্টও ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ। শেষ পর্যন্ত ওই অর্থের একাংশ নূপুর বোরার গৃহঋণের কিস্তি ও সঞ্চয়ী অ্যাকাউন্টে স্থানান্তরিত হয় বলে দাবি তদন্তকারীদের।
জমি কেনার ক্ষেত্রেও পরিবারের সদস্যদের নাম ব্যবহার করার অভিযোগ তুলেছে ইডি। সংস্থার দাবি, নূপুর বোরার বাবা ও স্বামীর নামে জমি কেনার চুক্তি করা হয়েছিল। পরে একটি চুক্তিতে স্বামীর পরিবর্তে নূপুর বোরার নাম অন্তর্ভুক্ত করা হয়। সার্কল অফিসের এক চুক্তিভিত্তিক কর্মীর নামে গাড়ি কেনার অভিযোগও সামনে এসেছে।
তদন্তকারীদের বক্তব্য, সন্দেহভাজন অর্থ মিউচুয়াল ফান্ড, জীবনবিমার প্রিমিয়াম এবং স্থাবর সম্পত্তি কেনার অগ্রিম মূল্য হিসেবে ব্যবহার করা হয়েছিল।
কোন সম্পত্তি বাজেয়াপ্ত
ইডির সাম্প্রতিক পদক্ষেপে ৭০.০৯ লক্ষ টাকার সম্পত্তির মধ্যে রয়েছে নূপুর বোরার নামে থাকা ১৩.৪৫ লক্ষ টাকার এসবিআই মিউচুয়াল ফান্ড ইউনিট, ২১.৬৪ লক্ষ টাকা মূল্যের তিনটি জীবনবিমা পলিসি এবং জমি ও ফ্ল্যাট কেনার চুক্তিতে দেওয়া ৩৫ লক্ষ টাকার অগ্রিম।
গুয়াহাটির মাজ জলুকবাড়ি ও গড়ল গ্রামের দুটি জমি এবং একটি ফ্ল্যাট কেনার জন্য ওই অগ্রিম অর্থ দেওয়া হয়েছিল বলে ইডি জানিয়েছে।
এর আগে মূল অপরাধের তদন্তে বিশেষ আদালত নগদ টাকা, গয়না, ফ্ল্যাট, জমি, গাড়ি এবং ব্যাঙ্কে থাকা অর্থ-সহ প্রায় ২.৯২ কোটি টাকার সম্পত্তি আটক করার নির্দেশ দিয়েছিল। ২০২৬ সালের ২ এপ্রিল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারায় ওই নির্দেশ দেওয়া হয়।
সাম্প্রতিক পদক্ষেপের ফলে অর্থ পাচার আইন এবং মূল অপরাধের তদন্ত—দুই প্রক্রিয়া মিলিয়ে আটক সম্পত্তির পরিমাণ প্রায় ৩.৬২ কোটি টাকায় পৌঁছেছে। নূপুর বোরার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে ইডি।


