কুশিয়ারা থেকে উদ্ধার নিখোঁজ বিএসএফ জওয়ানের দেহ, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

< 1 - মিনিট |

গরু পাচারকারীদের ধরতে সীমান্তে অভিযানে নেমে নিখোঁজ হয়েছিলেন কে ভেনু। দু’দিন পর শ্রীভূমির স্টিমারঘাটের কাছে নদী থেকে উদ্ধার হল তাঁর দেহ। অপহরণ নাকি নদীতে ডুবে মৃত্যু—এখনও স্পষ্ট নয় ঘটনার প্রকৃত কারণ।

কে আর সি টাইমস ডেস্ক

শিলচ রঃ ভারত-বাংলাদেশ সীমান্তে নিখোঁজ হওয়ার দু’দিন পর উদ্ধার হল বিএসএফ জওয়ান কে ভেনুর দেহ। বুধবার, ২৫ নভেম্বর সকালে শ্রীভূমি জেলার স্টিমারঘাটের কাছে কুশিয়ারা নদী থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। রবিবার রাতে সীমান্ত এলাকায় গরু পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।

ভেনুর নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত দু’দিন ধরে একাধিক সম্ভাবনা সামনে এসেছে। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল, অভিযান চলাকালীন নদীতে তলিয়ে গিয়েছেন ওই জওয়ান। পরে সন্দেহ তৈরি হয়, পাচারকারীরা তাঁকে অপহরণ করে বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারে। তবে বুধবার নদী থেকে দেহ উদ্ধারের পরও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

জানা গিয়েছে, রবিবার রাতে আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় সন্দেহভাজন গরু পাচারকারীদের আটক করতে অভিযানে নেমেছিলেন বিএসএফের একটি দল। নিরাপত্তাকর্মীদের উপস্থিতি টের পেয়ে চার থেকে পাঁচ জন সন্দেহভাজন নদীতে ঝাঁপ দেয় বলে খবর। তাদের পিছু নিতে গিয়ে কুশিয়ারা নদীতে নিখোঁজ হয়ে যান কে ভেনু। তাঁর সঙ্গে থাকা হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব অবশ্য সাঁতরে নদীর অন্য পারে ফিরে আসতে সক্ষম হন।

ঘটনার পর থেকেই ভেনুর সন্ধানে তল্লাশি শুরু হয়। প্রথমদিকে নদীতে ডুবে যাওয়ার আশঙ্কাই প্রবল ছিল। কিন্তু পরে তাঁকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হয়। এই জল্পনার মধ্যেই মঙ্গলবার বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী জানায়, নিখোঁজ বিএসএফ জওয়ান তাদের ভূখণ্ডে রয়েছেন, এমন কোনও তথ্য তাদের কাছে নেই।

বুধবার সকালে কুশিয়ারা নদীতে তাঁর দেহ উদ্ধারের পর নতুন করে প্রশ্ন উঠেছে, ঠিক কী পরিস্থিতিতে মৃত্যু হয়েছিল ভেনুর? অভিযানের সময় নদীতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে, নাকি পাচারকারীদের হাতে অপহৃত হওয়ার পর তাঁকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল—তা এখনও নিশ্চিত নয়।

ময়নাতদন্ত ও তদন্তের বিস্তারিত তথ্য সামনে না আসা পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়। সীমান্তে পাচারবিরোধী অভিযানের মধ্যে এক বিএসএফ জওয়ানের নিখোঁজ হওয়া এবং দু’দিন পর নদী থেকে তাঁর দেহ উদ্ধারের ঘটনায় গোটা পরিস্থিতি ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *