১৭টি ওয়ার্ড নিয়ে উধারবন্দ পুরসভা গঠনের বিজ্ঞপ্তি জারি, ৪২ দিনের মধ্যে জানাতে হবে আপত্তি

< 1 - মিনিট |

কাছাড়ের উধারবন্দে নতুন পুরসভা গঠনের প্রক্রিয়া শুরু করল অসম সরকার। প্রস্তাবিত পুরসভায় দুর্গানগর, পাঙ্গ্রাম ও দয়াপুরের একাধিক এলাকা অন্তর্ভুক্ত; বাসিন্দা ও করদাতাদের কাছ থেকে আপত্তি চাইল সরকার।

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর: কাছাড় জেলার উধারবন্দে ১৭টি ওয়ার্ড নিয়ে নতুন পুরসভা গঠনের প্রস্তাবে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করল অসম সরকার। অসম পুর আইন, ১৯৫৬-এর ৪(১)(এ) ধারায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের আবাসন ও নগর বিষয়ক দফতর। এর ফলে উধারবন্দকে পুরসভায় উন্নীত করার প্রশাসনিক প্রক্রিয়া আরও এক ধাপ এগোল।

কাছাড়ের জেলাশাসকের পাঠানো প্রস্তাব বিবেচনা করার পর রাজ্য সরকার এই বিজ্ঞপ্তি জারি করেছে। তবে পুরসভা গঠনের চূড়ান্ত সিদ্ধান্তের আগে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট এলাকার করদাতাদের আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রস্তাবিত পুরসভা এলাকার অন্তর্ভুক্ত কোনও এলাকার বাসিন্দা অথবা সংশ্লিষ্ট পুর এলাকার করদাতারা এই গঠন প্রক্রিয়া নিয়ে আপত্তি থাকলে লিখিতভাবে তা জানাতে পারবেন। অসম গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৪২ দিনের মধ্যে আবাসন ও নগর বিষয়ক দফতরের কাছে, কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে আপত্তি জমা দিতে হবে।

প্রস্তাবিত ১৭টি ওয়ার্ডের সীমানা, অন্তর্ভুক্ত এলাকা এবং সংশ্লিষ্ট দ্বিতীয় আরএস দাগ নম্বরও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দুর্গানগর, পাঙ্গ্রাম ও দয়াপুরের বিভিন্ন অংশ-সহ নির্দিষ্ট কয়েকটি এলাকা এই পুরসভার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে বিজ্ঞপ্তির প্রতিলিপি উধারবন্দ ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয় এবং উধারবন্দ সার্কেল অফিসে পরিদর্শনের জন্য রাখা হবে।

নির্ধারিত ৪২ দিনের মধ্যে জমা পড়া সমস্ত আপত্তি নথিভুক্ত করে সংরক্ষণ করা হবে। সময়সীমা শেষ হওয়ার পর সেগুলি সরকারের কাছে পাঠানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বরাক উপত্যকা জোনের শিলচর আঞ্চলিক তথ্য ও জনসংযোগ দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *