শিলচর পুলিশের ল্যান্স নায়েকের সম্পত্তি ঘিরে প্রশ্ন, ৭০ লক্ষ টাকায় জমি কেনার অভিযোগ

< 1 - মিনিট |

চারতলা বাড়ি, একাধিক সম্পত্তি ও একই থানায় দীর্ঘদিনের পোস্টিং—আয়ের উৎস নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর: মাসিক বেতন প্রায় ৭০ হাজার টাকা। অথচ শিলচরের রাঙ্গিরখাড়ি এলাকায় চারতলা বাড়ি, তার পাশাপাশি তারাপুর ও আশ্রম রোডে একাধিক সম্পত্তির মালিক বলে অভিযোগ উঠেছে কাছাড় পুলিশের ল্যান্স নায়েক হরি পদ রায়ের বিরুদ্ধে। রাঙ্গিরখাড়ির বাড়িটি যে জমির ওপর তৈরি, সেটি প্রায় ৭০ লক্ষ টাকায় কেনা হয়েছিল বলেও দাবি স্থানীয় বাসিন্দাদের। এই সম্পত্তির উৎস এবং পুলিশ বিভাগে তাঁর দীর্ঘদিনের পোস্টিং ঘিরে এবার তদন্তের দাবি উঠেছে।

নয় বছরের এক নাবালিকার বিরুদ্ধে সংঘটিত পকসো মামলার তদন্তে গাফিলতির অভিযোগে হরি পদ রায়কে সাসপেন্ড করার পরই তাঁর সম্পত্তি ও কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওই মামলায় তদন্তকারী আধিকারিক অনন্ত সিনহাকেও সাসপেন্ড করা হয়েছিল।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় ২৫ বছর ধরে পুলিশ বিভাগে কর্মরত রয়েছেন হরি পদ রায়। এর মধ্যে ১২ থেকে ১৩ বছর তিনি রাঙ্গিরখাড়ি টাউন আউটপোস্টে দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ। মাঝখানে অন্যত্র বদলি হলেও অল্প সময়ের মধ্যে ফের পুরনো কর্মস্থলে ফিরে আসেন তিনি। কীভাবে এবং কোন পরিস্থিতিতে তাঁর এই প্রত্যাবর্তন হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ। এর পিছনে কোনও প্রভাব বা বিশেষ সুপারিশ কাজ করেছিল কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

এ ছাড়া, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর কথিত যোগাযোগ এবং সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে সেই সম্পর্কের কোনও প্রভাব ছিল কি না, তা নিয়েও অভিযোগ সামনে এসেছে। তবে এই দাবিগুলির কোনওটিই এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বাসিন্দাদের একাংশের বক্তব্য, শুধু বিভাগীয় সাসপেনশনেই বিষয়টি সীমাবদ্ধ রাখা উচিত নয়। তাঁর নামে থাকা বলে দাবি করা সম্পত্তির প্রকৃত মালিকানা, অর্থের উৎস, আর্থিক লেনদেন এবং দীর্ঘদিন একই পুলিশ আউটপোস্টে দায়িত্ব পালনের বিষয়গুলি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের আওতায় আনা প্রয়োজন।

তবে হরি পদ রায়ের বিরুদ্ধে ওঠা সম্পত্তি সংক্রান্ত অভিযোগ এখনও প্রমাণিত নয়। এ বিষয়ে কাছাড় পুলিশ প্রশাসনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *